‘দেশ ও প্রবাসের সেতুবন্ধন’—এই লক্ষ্য সামনে রেখে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশি পেশাজীবীদের এক প্ল্যাটফর্মে যুক্ত করতে কাজ করছে এনআরবি ওয়ার্ল্ড। যুক্তরাষ্ট্রভিত্তিক এই অলাভজনক, অরাজনৈতিক ও দেশসেবামূলক সংগঠনটি ইতোমধ্যে বিশ্বের ৫০টিরও বেশি দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি পেশাজীবীদের নেটওয়ার্কে যুক্ত করেছে। প্রবাসীদের মেধা, দক্ষতা, অভিজ্ঞতা ও বিনিয়োগকে কাজে লাগিয়ে বাংলাদেশের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখাই সংগঠনটির মূল লক্ষ্য। এনআরবি ওয়ার্ল্ড সামিট-২০২৬ আয়োজন উপলক্ষে ফ্রান্সে বসবাসরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। ১১ অক্টোবর, রোববার বিকেল ৫টায় ফ্রান্সের ‘ক্যাফে দ্য লুনা’য় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন এনআরবি ওয়ার্ল্ডের অ্যাডভাইজার কাজী এনায়েত উল্লাহ ইনু, এনআরবি ওয়ার্ল্ড সামিট-২০২৬-এর কনভেনর মমিনুল হক এবং এনআরবি ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা এনামুল হক এনাম। সংবাদ সম্মেলনে তাঁরা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং সংগঠনটির কার্যক্রম ও পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রবাসী বাংলাদেশিদের পেশাগত সাফল্য, আন্তর্জাতিক অভিজ্ঞতা, দক্ষতা ও বিনিয়োগের সম্ভাবনাকে বাংলাদেশের উন্নয়নের সঙ্গে কার্যকরভাবে যুক্ত করাই এনআরবি ওয়ার্ল্ডের প্রধান লক্ষ্য। সংগঠনটি মনে করে, প্রবাসীরা শুধু বিদেশের মাটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন না; দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিতেও তাঁরা গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারেন। ৫০টিরও বেশি দেশে বিস্তৃত নেটওয়ার্ক এনআরবি ওয়ার্ল্ডের যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয় ২০২০ সালে। তবে সংগঠনটির ধারণা ও কার্যক্রমের ভিত্তি তৈরি হয়েছিল আরও কয়েক বছর আগে। ২০১৪ সালে সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে ‘ওয়ার্ল্ড বিজনেস সামিট’ আয়োজনের মধ্য দিয়ে এ ধরনের একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম গড়ে তোলার ভাবনা সামনে আসে। এর ধারাবাহিকতায় ২০১৭ সালে বাংলাদেশে, ২০১৮ সালে যুক্তরাষ্ট্রে এবং ২০১৯, ২০২০ ও ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একাধিক ওয়ার্ল্ড বিজনেস সামিট আয়োজন করা হয়। পরবর্তী সময়ে প্রবাসী ব্যবসায়ী, বিনিয়োগকারী ও পেশাজীবীদের সঙ্গে বাংলাদেশের নীতিনির্ধারকদের যোগাযোগ আরও জোরদার করার লক্ষ্যে ঢাকায় আয়োজন করা হয় এনআরবি প্রফেশনাল সামিট। এসব আয়োজনের মধ্য দিয়ে প্রবাসীদের সঙ্গে দেশের ব্যবসায়ী, উদ্যোক্তা ও নীতিনির্ধারকদের সম্পর্ক গড়ে তোলার একটি কার্যকর ক্ষেত্র তৈরি হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রভিত্তিক এনআরবি ওয়ার্ল্ডের নেটওয়ার্ক বিশ্বের ৫০টিরও বেশি দেশে বিস্তৃত। ভবিষ্যতে বিশ্বের সব দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি পেশাজীবীদের এই নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা রয়েছে সংগঠনটির। এনআরবি ওয়ার্ল্ডের দৃষ্টিভঙ্গি হলো, বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশিদের মেধা, অভিজ্ঞতা, পেশাগত যোগাযোগ ও বিনিয়োগের সক্ষমতাকে দেশের উন্নয়নে আরও কার্যকরভাবে কাজে লাগানো। বিশ্বের যেখানেই কোনো বাংলাদেশি নিজ নিজ ক্ষেত্রে সফলতা অর্জন করুন না কেন, তাঁর সেই অভিজ্ঞতা ও অর্জনের সুফল যেন বাংলাদেশও পায়—এমন একটি কার্যকর সংযোগব্যবস্থা গড়ে তুলতে চায় সংগঠনটি। ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট ২৮ ও ২৯ ডিসেম্বর এনআরবি ওয়ার্ল্ড সামিট-২০২৬ আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর ঢাকার শেরাটন হোটেলে অনুষ্ঠিত হবে। ‘Think Bangladesh’ স্লোগান সামনে রেখে আয়োজিত এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এক হাজারের বেশি অনাবাসী বাংলাদেশি অংশ নেবেন বলে আশা করছে আয়োজক সংগঠনটি। সম্মেলনে ব্যবসায়ী ও পেশাজীবী নেতাদের পাশাপাশি রাজনীতিবিদ, মন্ত্রী, কূটনীতিক এবং আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞদের অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে। এতে ব্যবসা, বিনিয়োগ, বাণিজ্য, উদ্যোক্তা উন্নয়ন, প্রযুক্তি এবং প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ততাসহ বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। সম্মেলনের বিভিন্ন অধিবেশন, গোলটেবিল বৈঠক ও মতবিনিময়ের পাশাপাশি নেটওয়ার্কিং মধ্যাহ্নভোজ ও নৈশভোজের আয়োজন থাকবে। এসব আয়োজনের মাধ্যমে দেশি-বিদেশি উদ্যোক্তা, বিনিয়োগকারী ও পেশাজীবীদের মধ্যে নতুন যোগাযোগ, ব্যবসায়িক অংশীদারত্ব এবং বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। এনআরবি ওয়ার্ল্ড মনে করে, প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের ব্যবসায়ী সমাজ ও নীতিনির্ধারকদের নিয়মিত যোগাযোগ থাকলে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা আরও সম্প্রসারিত হতে পারে। একই সঙ্গে প্রবাসী উদ্যোক্তারা দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও প্রযুক্তিগত অগ্রগতিতে আরও বেশি অবদান রাখার সুযোগ পাবেন। ‘ব্রেইন ড্রেইন’ থেকে ‘ব্রেইন গেইন’ এনআরবি ওয়ার্ল্ডের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো ‘ব্রেইন ড্রেইন’ বা মেধাপাচারকে ‘ব্রেইন গেইন’ বা মেধার সুফল অর্জনে রূপান্তর করা। বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি চিকিৎসক, প্রকৌশলী, প্রযুক্তিবিদ, গবেষক ও অন্যান্য পেশাজীবী তাঁদের নিজ নিজ ক্ষেত্রে অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা বাংলাদেশের উন্নয়নে কাজে লাগাতে পারেন—এমন সম্ভাবনাকে কাজে লাগাতে চায় সংগঠনটি। এ লক্ষ্য বাস্তবায়নে আন্তর্জাতিক পর্যায়ে সফল বাংলাদেশি পেশাজীবীদের সঙ্গে দেশের তরুণ প্রজন্মের যোগাযোগ স্থাপন, প্রশিক্ষণ ও পরামর্শের সুযোগ তৈরি এবং দক্ষ জনশক্তি গড়ে তুলতে সহায়তার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন বাংলাদেশি বিশেষজ্ঞদের সঙ্গে দেশীয় উদ্যোক্তা, ব্যবসায়ী ও নীতিনির্ধারকদের সংযোগ স্থাপনের ওপরও গুরুত্ব দিচ্ছে এনআরবি ওয়ার্ল্ড। সংগঠনটির দৃষ্টিতে, প্রবাসীদের অবদান শুধু রেমিট্যান্স পাঠানোর মধ্যেই সীমাবদ্ধ নয়। তাঁদের জ্ঞান, প্রযুক্তিগত দক্ষতা, আন্তর্জাতিক বাজার সম্পর্কে ধারণা, পেশাগত যোগাযোগ এবং বিনিয়োগের সক্ষমতা বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিনিয়োগ ও উন্নয়নে কার্যকর অংশীদারত্ব এনআরবি ওয়ার্ল্ডের আরেকটি প্রধান লক্ষ্য হলো প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের দেশের বিনিয়োগবান্ধব উদ্যোগের সঙ্গে যুক্ত করা। এ জন্য সরকার, দেশীয় ব্যবসায়ী, উদ্যোক্তা ও নীতিনির্ধারকদের সঙ্গে প্রবাসীদের যোগাযোগের ক্ষেত্র তৈরি করতে চায় সংগঠনটি। প্রবাসে বসবাসরত অনেক বাংলাদেশি নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হলেও দেশের বিনিয়োগ পরিবেশ, ব্যবসায়িক সুযোগ, প্রয়োজনীয় যোগাযোগ কিংবা সম্ভাব্য অংশীদার সম্পর্কে পর্যাপ্ত তথ্য ও সংযোগের অভাবে কাঙ্ক্ষিত উদ্যোগ নিতে পারেন না। এনআরবি ওয়ার্ল্ড এ ক্ষেত্রে যোগাযোগ ও সহযোগিতার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে আগ্রহী। নিয়মিত সামিট, পেশাজীবী সম্মেলন, আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে প্রবাসীদের অভিজ্ঞতা এবং দেশের উন্নয়ন-চাহিদার মধ্যে সমন্বয় গড়ে তোলাই সংগঠনটির পরিকল্পনা। এর ফলে একদিকে যেমন প্রবাসী বাংলাদেশিরা দেশে বিনিয়োগ ও পেশাগত সহযোগিতার নতুন সুযোগ পেতে পারেন, অন্যদিকে বাংলাদেশও আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে থাকা নিজস্ব মেধা ও সক্ষমতাকে কাজে লাগানোর সুযোগ পাবে। দেশ ও প্রবাসের দীর্ঘস্থায়ী সেতুবন্ধন এনআরবি ওয়ার্ল্ডের মূল দর্শন হলো, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে একটি শক্তিশালী, কার্যকর ও দীর্ঘস্থায়ী যোগাযোগব্যবস্থা গড়ে তোলা। এর মাধ্যমে প্রবাসীদের ব্যক্তিগত ও পেশাগত সাফল্যকে বাংলাদেশের বৃহত্তর স্বার্থের সঙ্গে যুক্ত করা সম্ভব হবে বলে মনে করে সংগঠনটি। সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত অনাবাসী বাংলাদেশিদের এনআরবি ওয়ার্ল্ড সামিট-২০২৬-এ অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। আয়োজকদের প্রত্যাশা, এই সম্মেলন বাংলাদেশের সম্ভাবনা সম্পর্কে প্রবাসীদের ধারণা আরও সুস্পষ্ট করবে এবং দেশি-বিদেশি উদ্যোক্তা, বিনিয়োগকারী ও পেশাজীবীদের মধ্যে নতুন সম্পর্ক তৈরিতে ভূমিকা রাখবে। প্রবাসী বাংলাদেশিদের মেধা, অভিজ্ঞতা, দক্ষতা ও বিনিয়োগের শক্তিকে দেশের উন্নয়নের সঙ্গে যুক্ত করার লক্ষ্যেই এনআরবি ওয়ার্ল্ডের এই উদ্যোগ। সংগঠনটির প্রত্যাশা, দেশ ও প্রবাসের মধ্যে কার্যকর অংশীদারত্ব গড়ে উঠলে তার সুফল পৌঁছাবে বাংলাদেশের অর্থনীতি, কর্মসংস্থান এবং সামগ্রিক উন্নয়নে।