প্রকাশ :: ... | ... | ...

ধ্বংসের শঙ্কায় পোশাকখাত!


সংযুক্ত ছবি

★ অক্টোবরে শুরু হওয়া শ্রমিক আন্দোলন অব্যাহত ★ খুলছে কারখানা, শ্রম বিধিতে বিভিন্ন স্থানে বন্ধ শতাধিক ★ সহিংসতার ঘটনায় বিভিন্ন থানায় একাধিক মামলা, আসামি সহস্রাধিক ★ দেশে ট্রেড ইউনিয়ন রয়েছে ৭ শতাধিক, সক্রিয় ৮০টি “পোশাকখাতে শ্রমিকদের প্রতিযোগিতামূলক মজুরি নির্ধারণ না হলে চলমাল সহিংসতা চলতে থাকলে আগামী এক বছরের মধ্যেই দেশের এই বৃহত্তম রপ্তানি খাত অর্ধেকে নামার আশঙ্কা রয়েছে” — শোভন ইসলাম, সাবেক পরিচালক, বিজিএমইএ ও এমডি, স্প্যারো গ্রুপ “গাজীপুরে বেশ কিছু কারখানায় উৎপান শুরু হলেও কিছু বন্ধ রয়েছে। তবে অনাকাঙ্খিত ঘটনা এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক রয়েছে” — মো. আমজাদ হোসাইন, এসপি, শিল্পাঞ্চল পুলিশ, গাজীপুর ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে দীর্ঘদিন ধরে চলা সহিংসতা কিছুটা স্তিমিত হয়ে এসেছে। ইতোমধ্যেই মজুরি বোর্ড, শ্রমিক প্রতিনিধি দল ও মালিকপক্ষের সমন্বয়ে রুদ্ধশ্বাস বৈঠকে ভোটাভুটির মাধ্যমে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়। সরকারের পক্ষ থেকে আগামী ১ ডিসেম্বর থেকে নির্ধারিত এ মজুরি বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়। তবে এ নিয়ে এখনও শ্রমিক-মালিকপক্ষের মধ্যে চাপা ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। বৈশ্বিক মন্দাভাবে অনেক মালিকপক্ষ শ্রমিক আইন অনুযায়ী উৎপাদন বন্ধ রেখে নিজেদের কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছেন। অপরদিকে মজুরি বোর্ডের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা প্রত্যাখান করে এখনও সড়ক অবরোধ বিক্ষোভ করছেন শ্রমিকরা। গতকাল শনিবার থেকে সাভার-আশুলিয়া গাজীপুরের শিল্পাঞ্চলে অধিকাংশ কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। শুরু হয়েছে উৎপাদনও। তবে এখনও নানা ইস্যুতে বন্ধ রয়েছে শতাধিক কারখানা। শ্রমিকদের স্বার্থরক্ষায় দেশে ৭ শতাধিক ট্রেড ইউনিয়ন থাকলেও সক্রিয় রয়েছে ৮০টি। গত অক্টোবর থেকে শুরু হওয়া পৃথক সহিংসতার ঘটনায় রাজধানীর মিরপুর, পল্লবী, সাভার-আশুলিয়া ও গাজীপুরের বিভিন্ন থানায় একাধিক মামলা হয়েছে। ওইসব মামলায় আসামির সংখ্যা ৫ সহস্রাধিক। শ্রমিকরা বলছেন, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারির বেতন দ্বিগুণ বাড়ানো হলেও শ্রমিকদের বেতন বাড়েনি। এতে আয়ের সঙ্গে ব্যয় মেটাতে ঋণের ভার ক্রমেই বাড়ছে। বিজিএমইএ নেতৃবৃন্দ বলছেন, পোশাক খাতে চলমান অস্থিরতা ও সহিংসতা চলতে থাকলে এবং প্রতিযোগিতামূলক মজুরি নির্ধারণ না হলে আগামী এক বছরের মধ্যেই দেশের এই বৃহত্তম রপ্তানি খাত অর্ধেকে নামার আশঙ্কা রয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গত অক্টোবরের শেষ থেকে রাজধানী ঢাকা, সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জে টানা আন্দোলন চলছে। এ পর্যন্ত মোট কতটি সহিংসতার ঘটনা ঘটেছে, তার কোনো নির্দিষ্ট ও একক সরকারি পরিসংখ্যান প্রকাশিত হয়নি। তবে বিভিন্ন গণমাধ্যমের তথ্যমতে, মিরপুর-১০, ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে বহুবার সড়ক অবরোধ, কারখানা ভাঙচুর এবং শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটেছে। তীব্র অসন্তোষের মুখে বিভিন্ন সময় শিল্পাঞ্চলের প্রায় ৭০ শতাংশ কারখানায় উৎপাদন ব্যাহত হয় এবং সাধারণ ছুটি ও শ্রম আইনের ১৩(১) ধারায় শতাধিক কারখানা বন্ধ রাখতে হয়। পরবর্তীতে মজুরি বোর্ড ন্যূনতম বেতন ১৭ হাজার টাকা ঘোষণা করলে অধিকাংশ শ্রমিক কাজে ফিরলেও কিছু কারখানায় এখনো কর্মবিরতি ও বিক্ষোভ অব্যাহত রয়েছে। পুলিশ ও ভুক্তভোগী শ্রমিক সূত্রে জানা যায়, গত ২৬ নভেম্বর সাভার-হেমায়েতপুরে 'এ কে এইচ স্টিচ আর্ট লিমিটেড' কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ১টি মামলায় ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে (মোট প্রায় ৬০৪ জন)। এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সাভার ও আশুলিয়া এলাকায় আন্দোলনের জেরে একাধিক মামলা হওয়ার তথ্য পাওয়া গেছে— যেমন এক প্রতিবেদনে ৮টি মামলার কথা, আরেক প্রতিবেদনে সাভার ও আশুলিয়া থানায় ২৪টি মামলার কথা এবং ৩ নভেম্বর সাভারে ৩টি মামলায় ২,৩০০-এর বেশি আসামির কথা উল্লেখ করা হয়েছে। গত ২ নভেম্বর রাজধানীর মিরপুর-পল্লবী ও কাফরুল এলাকায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় ৪টি মামলায় অজ্ঞাতপরিচয় প্রায় সাড়ে ১০ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এসব মামলায় ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, গতকাল শনিবার নতুন করে বড় কোনো শ্রমিক আন্দোলনের খবর পাওয়া যায়নি। বরং কয়েক সপ্তাহের অস্থিরতা ও তিন দিনের ছুটি শেষে গাজীপুর, সাভার-আশুলিয়া এবং ঢাকার অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকরা কাজে ফিরেছেন এবং উৎপাদন শুরু হয়েছে। ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে টানা আন্দোলন এবং তিন দিনের ছুটি শেষে আবারও কর্মচাঞ্চল্য ফিরেছে গাজীপুরের পোশাকশিল্পাঞ্চলে। অধিকাংশ কারখানায় শ্রমিকদের উপস্থিতিতে স্বাভাবিকভাবে উৎপাদন কার্যক্রম শুরু হলেও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ৩৫টি কারখানার উৎপাদন এখনো বন্ধ রয়েছে। গতকাল শনিবার সকালে গাজীপুর শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানা ও শিল্প এলাকা ঘুরে শ্রমিকদের কর্মস্থলে ফেরার ব্যস্ততা দেখা যায়। কয়েক দিনের অচলাবস্থা কাটিয়ে শ্রমিকেরা নিজ নিজ কর্মস্থলে ফিরতে শুরু করায় অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম আবারও গতিশীল হয়েছে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গাজীপুরের প্রায় সব কারখানাই গতকাল শনিবার থেকে চালু রয়েছে। শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘ আন্দোলন ও কারখানা বন্ধ থাকার পর কাজে ফিরতে পেরে তারা স্বস্তিবোধ করছেন। ভিনটেজ ডেনিম কারখানার শ্রমিক অহেদুল ইসলাম জানান, বুধবার থেকে টানা তিন দিনের ছুটি ছিল। গতকাল শনিবার কারখানা খুললে তিনি অন্য শ্রমিকদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিতে আসেন। তিনি আরও বলেন, দীর্ঘ আন্দোলনের কারণে শুধু মালিকপক্ষ নয়, শ্রমিকদেরও আর্থিক ও অন্যান্য ক্ষতির মুখে পড়তে হয়েছে। একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন সাবলাইম কারখানার নারী শ্রমিক ইতি আক্তার। সকালে বাসার কাজ শেষ করে যথাসময়ে কর্মস্থলে উপস্থিত হন তিনি। কয়েক দিন কারখানা বন্ধ থাকায় তার মন খারাপ ছিল। ইতি আক্তার জানান, জীবিকার তাগিদেই শ্রমিকদের আন্দোলনে নামতে হয়েছিল। বেতন কিছুটা বৃদ্ধি পাওয়ায় শ্রমিকরা উপকৃত হয়েছেন বলেও মনে করেন তিনি। এই সুবিধার গুরুত্ব শ্রমিকরাই সবচেয়ে ভালো উপলব্ধি করতে পারেন বলে জানান তিনি। গাজীপুরের শিল্পাঞ্চলজুড়ে শ্রমিকদের কাজে ফেরার চিত্র দেখা গেছে। মহানগরীর ভোগড়া বাইপাস, কোনাবাড়ী, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, সালনা, বাঘের বাজার, মেম্বারবাড়ী, বাংলাবাজার, টঙ্গী, গাজীপুরা ও নাওজোরসহ শ্রীপুর শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। ফলে দীর্ঘ কয়েক দিনের বিরতির পর এসব এলাকার পোশাক কারখানাগুলোতে আবারও স্বাভাবিক কর্মব্যস্ততা ফিরে এসেছে। তবে সব কারখানায় এখনো উৎপাদন শুরু করা সম্ভব হয়নি। শিল্প পুলিশ জানিয়েছে, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ৩৫টি কারখানা শনিবারও বন্ধ রয়েছে। অধিকাংশ কারখানা চালু হলেও এসব প্রতিষ্ঠানের শ্রমিকেরা এখনো কর্মস্থলে ফিরতে পারেননি। এদিকে সম্প্রতি বেসরকারি একটি চ্যানেলে আয়োজিত এক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিজিএমইএ-এর সাবেক পরিচালক ও স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম বলেন, ২০২২ সালে কোভিড-পরবর্তী সময়ে ক্রেতাদের কাছে বাংলাদেশ ছিল সবচেয়ে পছন্দের গন্তব্য। কিন্তু বারবার সহিংসতা ও অস্থিরতার কারণে ক্রেতাদের আস্থা কমে যাচ্ছে। বড় বড় রিটেইলাররা ঝুঁকি এড়াতে বাংলাদেশ থেকে আমদানি না বাড়িয়ে কম্বোডিয়া, ভারত ও পাকিস্তানের দিকে ঝুঁকছে। ন্যূনতম মজুরি ৩০ থেকে ৪৮ হাজার টাকা করার প্রস্তাব প্রসঙ্গে তিনি প্রশ্ন তুলে বলেন, এই অবাস্তব প্রস্তাব কোথা থেকে এলো? এটি দেশের পোশাক খাতকে ধ্বংস করার একটি সুদূরপ্রসারী নীল নকশার অংশ। এই খাত ধ্বংস হলে দেশের অর্থনীতি ধ্বংস হবে এবং রপ্তানি আয় ৪০ বিলিয়ন ডলার থেকে ২০ বিলিয়ন ডলারে নেমে আসবে। শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা ঘরে ফিরে যান। ৩০ হাজার টাকার আকাশচুম্বী প্রত্যাশা তৈরি করবেন না। আমাদের প্রতিযোগী দেশগুলোর শ্রমিকরা কত বেতন পাচ্ছেন, তা খোঁজ নিয়ে দেখুন। তিনি আরও জানান, গত ১০ বছরে পোশাক শ্রমিকদের বেতন ১৩৬ শতাংশ বেড়েছে, যেখানে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ১১৭ শতাংশ। বর্তমানে ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা হলেও একজন দক্ষ অপারেটর ৩০ হাজার টাকা পর্যন্ত বেতন পান এবং গড় বেতন প্রায় ১৮ হাজার টাকা। মালিকপক্ষ মজুরি বৃদ্ধির বিপক্ষে নয় এবং সরকার গঠিত মজুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর করতেও তারা প্রস্তুত। বর্তমান অস্থিরতার পেছনে বহিরাগতদের উসকানি ও কিছু ট্রেড ইউনিয়নের নেতিবাচক ভূমিকার অভিযোগ তুলে শোভন ইসলাম বলেন, দেশে ৭০০-এর বেশি ট্রেড ইউনিয়ন গড়ে উঠেছে, যার মধ্যে ৮০টি সক্রিয়। অনেক ট্রেড ইউনিয়ন অন্য কারো স্বার্থ বাস্তবায়নে কাজ করছে। এসব ইউনিয়নকে জবাবদিহিতার আওতায় আনা এবং 'নো ওয়ার্ক, নো পে' আইন চালু করার দাবি জানান তিনি। এছাড়া গ্যাস-বিদ্যুৎ সংকট, ব্যাংকিং খাতের অস্থিরতা, রপ্তানি প্রণোদনা কমে ০.৩ শতাংশে নেমে আসা এবং বিশ্ববাজারে পোশাকের দাম কমে যাওয়ায় খাতটি এমনিতেই চাপে রয়েছে বলে উল্লেখ করেন তিনি। বর্তমান সংকট কাটিয়ে উঠতে সরকারের গোয়েন্দা সংস্থাগুলোর মাধ্যমে চক্রান্তকারীদের চিহ্নিত করা এবং জ্বালানি ও বন্দর অবকাঠামোর উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার আহ্বান জানান এই ব্যবসায়ী নেতা। এদিকে নতুন করে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে। শনিবার সকাল থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো আন্দোলন বা কর্মবিরতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে শিল্প পুলিশ। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, সকাল থেকেই শিল্পাঞ্চলের কারখানাগুলোতে পুরোদমে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। তবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা ৩৫টি কারখানা এখনো চালু হয়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য সতর্ক অবস্থানে রয়েছেন।