★ অনুমতি ছাড়াই চীনাদের ভিডিও তৈরিতে বাড়ছে উদ্বেগ ★ বাদ যাচ্ছেনা চায়ের স্টল থেকে আবাসিক ভবনের ছাদ-বাথরুমও ★ জনমনে উৎকণ্ঠা, নির্বিকার প্রশাসন “চীনা নাগরিকেরা কেন কি কারণে এসব ভিডিও ধারণ করছে, কোথায় প্রচার করছে, তার কিছুই জানা নাই পুলিশের। তবে বিষয়টি নজরদারিতে রাখার পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে” - মোহাম্মদ খালিদ মনসুর, অফিসার ইনচার্জ (ওসি) উত্তরা পশ্চিম থানা রাজধানী ঢাকার অভিজাত এলাকা উত্তরার ১২ নম্বর সেক্টর ও টেকপাড়া এলাকায় মাসের পর মাস ধরে ভিডিও ধারণ করছেন পর্যটক বা ব্যবসায়ীবেশে এ দেশে আসা একদল চীনা নাগরিক। সকাল থেকে রাত পর্যন্ত তাদের রাস্তা, বাজার, চায়ের দোকান, মানুষের বাড়িঘর ও দৈনন্দিন জীবনযাপনের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করতে দেখা যাচ্ছে। হঠাৎ করেই প্রশাসনের এমনকি ব্যক্তিগত কারও অনুমোদন ছাড়াই দিন-রাত যখন-তখন, যেখানে-সেখানে ঘন্টার পর ঘন্টা ঘুরে-ফিরে ভিডিও ধারণ করায় জনমনে নানান প্রশ্ন দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে সাম্প্রতিককালের অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে এভাবে ভিডিও ধারণ করায় চীনাদের নজরে কী বাংলাদেশ নিয়ে কোনো ছক কষা হচ্ছে? স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় শতাধিক চীনা নাগরিক এভাবে প্রতিদিনই ভিডিও করছেন, কোথায় সেই ভিডিও সরবরাহ বা প্রকাশ করছেন, তা নিয়ে যথেষ্ট সন্দেহ ও প্রশ্ন রয়েছে। চীনাদের এমন কর্মকাণ্ডে কৌতূহলের পাশাপাশি স্থানীয়দের মধ্যে বাড়ছে বিরক্তি ও উদ্বেগ। পুলিশ বলছে, এসব বিষয়ে এখনও কেউ কোনো অভিযোগ করেনি। তবে তারা ভিডিও ধারণ করে কোথায় কি করছে, তাও অজানা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, বাংলাদেশে বর্তমানে অবস্থানরত চীনা নাগরিকদের সঠিক ও সুনির্দিষ্ট সংখ্যা নিয়ে সরকারি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্যে ভিন্নতা রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশের বিশেষ শাখা (SB) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA)-এর তথ্য অনুযায়ী, বাংলাদেশে বৈধভাবে বসবাসরত চীনা নাগরিকের সংখ্যা ১১,৪০৪ জন। তবে উইকিপিডিয়া ও চীনের দূতাবাসসহ অনানুষ্ঠানিক বিভিন্ন জরিপ অনুসারে, ব্যবসা, মেগা প্রকল্প ও অন্যান্য অনথিভুক্ত কর্মসংস্থান মিলিয়ে এই সংখ্যা ১ লাখ থেকে ১ লাখ ৬৬ হাজার পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশে বৈধভাবে কর্মরত বিদেশিদের তালিকায় চীনা নাগরিকরা শীর্ষে রয়েছেন। সরকারিভাবে ইমপ্লয়মেন্ট ভিসায় কর্মরত চীনা নাগরিকের সংখ্যা প্রায় ৬,০৭৫ জন। তারা মূলত নিম্নলিখিত ক্ষেত্রগুলোতে কাজ করছেন। যেমন- মেগা পরিকাঠামো ও জ্বালানি প্রকল্প: পদ্মা সেতু রেল সংযোগ, কর্ণফুলী টানেল, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে বহু চীনা প্রকৌশলী, কারিগরি বিশেষজ্ঞ এবং শ্রমিক নিয়োজিত আছেন। তৈরি পোশাক, টেক্সটাইল, ডাইং এবং ওভেনিং কারখানায় প্রচুর চীনা বিশেষজ্ঞ টেকনিক্যাল ডিরেক্টর বা মার্চেন্ডাইজার হিসেবে কাজ করছেন। চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চল এবং মোংলা পোর্টে চীনা সহায়তাপূর্ণ বিভিন্ন লজিস্টিক ও উৎপাদনমুখী শিল্পে তাদের কর্মসংস্থান বাড়ছে। বাংলাদেশ সরকারের সরকারি হিসাব মতে, প্রায় ১,০০০ থেকে ১,৫০০ চীনা নাগরিক সরাসরি ব্যবসায়িক ও বিনিয়োগকারী ভিসায় অবস্থান করছেন। তবে ব্যবসায়িক উদ্দেশ্যে যাতায়াতকারী ও স্থানীয় পার্টনারশিপে থাকা প্রবাসীর সংখ্যা এর চেয়ে অনেক বেশি। যেসব খাতে ব্যবসা বেশি: কেমিক্যাল, ভারী যন্ত্রপাতি (Machinery), মোবাইল অ্যাসেম্বলিং কারখানা, চামড়া ও জুতা শিল্প এবং বিভিন্ন ট্রেডিং ব্যবসায় তারা যুক্ত। বিশেষ করে ঢাকা (উত্তরা, গুলশান, বনানী) এবং চট্টগ্রামে অসংখ্য চীনা নাগরিক নিজস্ব রেস্তোরাঁ এবং বিউটি পার্লার পরিচালনা করছেন। ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে আসা চীনা নাগরিকদের সংখ্যা সবচেয়ে গতিশীল। পুলিশ বিশেষ শাখার (SB) তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে চীনা পর্যটকদের বাংলাদেশে আগমন আগের চেয়ে ৪৪.৪% বেশি বৃদ্ধি পেয়েছে। ট্যুরিস্ট ভিসায় আসা নাগরিকদের একটি বড় অংশ মূলত স্বল্পমেয়াদী ব্যবসায়িক আলোচনা, লিয়াজোঁ রক্ষা কিংবা বাজার পরিদর্শনে আসেন। সাম্প্রতিক সময়ে ২০২৬ সালের তথ্য অনুযায়ী, প্রায় ১৫০ জনের মতো চীনা কন্টেন্ট ক্রিয়েটর ও লাইভ-স্ট্রিমারদের ঢাকার উত্তরা ও বিভিন্ন এলাকায় পর্যটক হিসেবে এসে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ-স্ট্রিমিং করতে দেখা গেছে, যা স্থানীয় গণমাধ্যমেও আলোচিত হয়েছে। এছাড়া মূল পর্যটন স্পট যেমন কক্সবাজার, সিলেট এবং সুন্দরবন অঞ্চলেও চীনা নাগরিকদের ভ্রমণ বাড়ছে। চীনা নাগরিকদের সিংহভাগই মূলত ঢাকা (বিশেষ করে উত্তরা ও কূটনৈতিক এলাকা) এবং চট্টগ্রাম কেন্দ্রিক অর্থনৈতিক অঞ্চলগুলোতে বসবাস করেন। এছাড়া খুলনা, সিলেট ও রূপপুরের মতো বড় প্রকল্পের এলাকাগুলোতেও তাদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। রাজধানীর উত্তরায় সরেজমিনে ঘুরে চীনা নাগরিকদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পণ্যের প্রচারের উদ্দেশ্যে তারা এসব ভিডিও তৈরি করেন। ভিডিওগুলো চীনের উইচ্যাট, ডুয়িনসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশ করে আয় করেন। চীনা নাগরিকদের গাইড হিসেবে কাজ করা রিতু আক্তার জানান, তিনি প্রতিদিন ৭০০ থেকে ৮০০ টাকা পান। বাংলাদেশের নিম্নআয়ের মানুষের বসবাস রয়েছে, এমন এলাকাগুলোর প্রতি চীনা নাগরিকদের আগ্রহ বেশি। এ কারণেই তারা টেকপাড়া ও আশপাশের এলাকা বেছে নিয়েছেন। তবে ভিডিওতে শুধু পণ্যের প্রচার নয়, বাংলাদেশের মানুষের জীবনযাপন ও পরিবেশ নিয়েও বিভিন্ন মন্তব্য করতে শোনা গেছে তাদের। চীনা ভাষায় দেয়া এসব বক্তব্য অনুবাদ করে যাচাইয়ে দেখা যায়, কেউ কেউ উত্তরায় অবস্থান করেও লাইভ ভিডিওতে নিজেদের ভারতের নয়াদিল্লি থেকে যুক্ত হয়েছেন বলে পরিচয় দিচ্ছেন ও প্রচার চালাচ্ছেন। আবার বাংলাদেশের মানুষের বসবাসের পরিবেশকে নোংরা, দরিদ্র ও অনুন্নত বলে বর্ণনা করছেন তারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পর্যটক বা ব্যবসায়ী ভিসায় বাংলাদেশে আসা চীনা নাগরিকেরা শুধু রাস্তাঘাট বা দোকানপাটেই ভিডিও ধারণ করেন না, মাঝেমধ্যে মানুষের বাড়িঘর, ভভনের ছাদ এমনকি বাথরুমেও ঢুকে ভিডিও ধারণ করেন। স্থানীয় অনেরকর ধারণা, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামা, ভারত-চীন সীমান্তবর্তী এলাকায় সামরিক শক্তি বৃদ্ধির পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে এভাবে সরকারের সংশ্লিষ্ট প্রশাসনিক বা ব্যক্তিগত কারও অনুমোদন ছাড়াই যত্রতত্র ভিডিও ধারণ করার দৃশ্য দেশে মনে হচ্ছে চীনের নজরে বাংলাদেশ! হয়তো তারা ধারণকৃত ভিডিও নিজ দেশ বা অন্যকোনো দেশে সরবরাহ করে অর্থনৈতিক সুবিধা আদায়ের পাশাপাশি বাংলাদেশ নিয়ে কৌশলে নতুন কোনো ছক কষছেন কি-না এ নিয়েও স্থানীয়দের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় টেকপাড়ার এক নারী বাসিন্দা বলেন, তারা (চীনা নাগরীক) কারও কোনো অনুমতি না নিয়েছেই হঠাৎ করে আমাদের ঘরের ভেতরে ঢুকে ভিডিও শুরু করেন, যা বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। বাধা দিলে তারা হাসেন, দুঃখ প্রকাশ করে চলে যান, পরে আবারও ফিরে এসে ভিডিও করতে থাকেন। আরেক বাসিন্দা বলেন, এক-দুই দিনের বিষয় হলে মেনে নেয়া যেত। কিন্তু মাসের পর মাস সকাল থেকে রাত পর্যন্ত তাদের ভিডিও করতে দেখা যায়। এসব ভিডিও দিয়ে তারা কী করেন, তা স্থানীয়রা জানেন না। স্থানীয় বাসিন্দাদের দাবি, পণ্যের প্রচারের কথা বলা হলেও ভিডিওতে বাংলাদেশের পরিচয় পরিবর্তন করে উপস্থাপন, স্থানীয় মানুষকে নিয়ে নেতিবাচক মন্তব্য এবং ব্যক্তিগত পরিসরে প্রবেশের অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। তাদের প্রত্যাশা, এসব কর্মকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কে প্রশাসন স্পষ্ট ধারণা নেবে এবং মানুষের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় নজরদারি বাড়াবে। এ বিষয়ে জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, চীনা নাগরিকেরা কেন ভিডিও করেন বা কোথায় প্রকাশ করেন, তা তিনি জানেন না। তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং এ নিয়ে কাজ চলছে।