মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র এবং তাদের বাণিজ্যিক জাহাজগুলো যদি ইরানি হামলার হুমকির মুখে পড়ে, সেক্ষেত্রে ‘এই মুহূর্তেই’ ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারে মার্কিন বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য জানিয়েছেন। গতকাল মার্কিন সংবাদমাধ্যম সালেম নিউজ চ্যানেলকে একটি সাক্ষাৎকার দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল, মধ্যপ্রাচ্যে ইরান যুক্তরাষ্টের মিত্র এবং তাদের জাহাজগুলোকে হুমকির মধ্যে রেখেছে এবং এই হুমকির অবসানে শক্তি প্রয়োগ করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তিনি কোনো দ্বিধা করবেন কি না। জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, “কোনো দ্বিধা নেই। যদিও আমরা বিষয়টি বেশ ভালোভাবে সামলাচ্ছি, তবে পরিস্থিতি যদি অন্য দিকে মোড় নেয়, সেক্ষেত্রে আমি অবশ্যই পদক্ষেপ নেবো—এমনকি এখন, এই মুহূর্তেই তা করতে পারি।” গত কয়েক মাসে যুক্তরাষ্ট্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি দাবি করে প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, “গত পাঁচ মাসে আমাদের একজন সেনাও প্রাণ হারাননি। পারস্য উপসাগরের ওপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে—পুরোপুরি নিয়ন্ত্রণ।” যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের মেয়াদ শেষ হবে ২০২৯ সালের জানুয়ারি মাসে। সেই হিসেবে আরও ২৬ মাস ক্ষমতায় থাকছেন তিনি। সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রশ্ন করা হয়, ইরানের শাসনব্যবস্থা ভেঙে ফেলতে যদি ২৬ মাস সময়ও লাগে, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র অবরোধ বজায় রাখবে কি না। জবাবে তিনি বলেন, “দেখুন, শাসনব্যবস্থাটি এমনিতেই ভেঙে পড়ছে। তাদের গণমাধ্যমে যা বলা হচ্ছে, তা বাস্তব পরিস্থিতির চেয়ে সম্পূর্ণ আলাদা।”