যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আইন বহির্ভূত শাসন ও বেপরোয়া মনোভাব’ এর বিরুদ্ধে সোচ্চার হতে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টিকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন দলটির অন্যতম শীর্ষ নেতা ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। রোববার এ আহ্বান জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের দুই অঙ্গরাজ্য ভার্জিনিয়া এবং নিউ জার্সির গভর্নর নির্বাচন উপলক্ষে দলের প্রার্থীদের পক্ষে প্রচারণা শুরু করেছেন ওবামা। গতকাল ভার্জিনিয়ার নরফোক শহরের ওল্ড ডমিনিয়ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বক্তব্য দেন তিনি। সেখানে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাট পার্টিকে সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে ওবামা বলেন, “চলুন আমরা এই আইনবহির্ভূত ও বেপরোয়া শাসনের মুখোমুখী হই, এর বিরুদ্ধে সোচ্চার হই। এটা এখন জরুরি, কারণ আমদের দেশ এবং আমাদের রাষ্ট্রব্যবস্থা এখন খুবই অন্ধকার একটি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে।” অবশ্য কাজটি যে সহজ নয়, তাও স্বীকার করেছেন ওবামা। তিনি বলেছেন, “আমি জানি যে কোন পয়েন্ট থেকে আমরা প্রতিবাদ শুরু করব, তা এখন নির্ধারণ করা কঠিন। কারণ প্রতিদিনই হোয়াইট হাউস থেকে যেসব তথ্য আসছে, সেগুলো আসলে পাগলামো ছাড়া কিছু নায় এবং এই পাগলামো নিয়মিত হারে বাড়ছে।”