প্রকাশ :: ... | ... | ...

দীর্ঘদিন পর মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করল মেহের নিউজ


সংযুক্ত ছবি

মোজতবা খামেনি কয়েকজন ব্যক্তির সঙ্গে বসে কথা বলছেন। ছবি: সংগৃহীত

দীর্ঘদিন জনসমক্ষে অনুপস্থিত থাকা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি। তাঁর অবস্থান ও শারীরিক পরিস্থিতি নিয়ে নানা গুঞ্জনের মধ্যেই শনিবার (৮ আগস্ট) টেলিগ্রামে ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওতে মোজতবা খামেনিকে কয়েকজন ব্যক্তির মাঝে দেখা যায়। এ সময় তিনি আশপাশের লোকজনের সঙ্গে কথা বলছিলেন বলে মনে হয়েছে। তবে ভিডিওটি ঠিক কখন এবং কোথায় ধারণ করা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি মেহের নিউজ। তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদের পরিচয়ও প্রকাশ করা হয়নি। দীর্ঘদিন ধরে মোজতবার জনসমক্ষে অনুপস্থিতি নিয়ে বিভিন্ন মহলে নানা জল্পনা চলছিল। যুদ্ধাবস্থার মধ্যে তিনি আড়ালে থেকেই ইরানের নেতৃত্ব ও রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করছেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়। সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের একটি বক্তব্যের পর মোজতবা খামেনির জীবিত থাকা নিয়েও নতুন করে প্রশ্ন ও আলোচনা তৈরি হয়। এ অবস্থায় তাঁর একটি ভিডিও প্রকাশ পাওয়ায় ইরানের সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা এবং তাঁর বর্তমান কর্মকাণ্ড নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি তেহরানসহ ইরানের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালায়। ওই হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার ও বেসামরিক নাগরিক নিহত হন বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়। এর প্রতিক্রিয়ায় ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক ঘাঁটি ও বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এর পর থেকেই দেশটির নেতৃত্ব কাঠামো এবং নতুন সর্বোচ্চ নেতার ভূমিকা আন্তর্জাতিক পর্যায়ে বিশেষভাবে আলোচনায় আসে। মোজতবা খামেনি নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে। তাঁর বাবার মৃত্যুর পর মার্চের শুরুতে ইরানের ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ মোজতবাকে দেশের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে দায়িত্ব নেওয়ার পর থেকে তাঁকে খুব কমই প্রকাশ্যে দেখা গেছে। ফলে তাঁর অবস্থান, নিরাপত্তা এবং রাষ্ট্র পরিচালনায় তাঁর সরাসরি ভূমিকা নিয়ে নানা প্রশ্ন ও জল্পনা তৈরি হয়। মেহের নিউজের প্রকাশ করা সর্বশেষ ভিডিও সেই জল্পনার মধ্যেই তাঁর প্রকাশ্য উপস্থিতির একটি বিরল চিত্র সামনে আনল।