মানবাধিকার সংগঠন ও স্বাধীন গণমাধ্যমগুলোর দীর্ঘদিনের অভিযোগ, ক্রোয়েশিয়ার পুলিশ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বহিঃসীমান্ত দিয়ে অনিয়মিতভাবে প্রবেশের চেষ্টা করা অভিবাসনপ্রত্যাশীদের জোরপূর্বক বসনিয়াসহ সীমান্তে পুশব্যাক করছে। তবে ক্রোয়েশিয়ার কর্তৃপক্ষ এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে। অস্ট্রিয়ার মানবিক সহায়তা সংস্থা এসওএস বলকান রুট জানিয়েছে, ক্রোয়েশিয়ার পুলিশ ৫৩ জন অভিবাসনপ্রত্যাশীকে মারধর করে জোরপূর্বক বসনিয়ায় ফেরত পাঠিয়েছে। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, এ ঘটনায় পাঁচজন অভিবাসনপ্রত্যাশীর হাত-পা ভেঙে গেছে এবং মাথায় আঘাত লেগেছে। অভিবাসনপ্রত্যাশীদের বর্ণনা অনুযায়ী, মুখোশ পরা ক্রোয়েশিয়ার পুলিশের প্রায় ১৫ জন সদস্য নড়াচড়া করা প্রত্যেককে মারধর করেছেন। সাম্প্রতিক মাসগুলোতে নথিভুক্ত সীমান্তে সহিংসতার ঘটনাগুলোর মধ্যে এটিকে অন্যতম নৃশংস ঘটনা বলে উল্লেখ করেছে সংস্থাটি। শনিবার ক্রোয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাবোর বোজিনোভিচ বলেন, গণমাধ্যমের প্রতিবেদন থেকেই পুলিশ এ ঘটনা সম্পর্কে জানতে পেরেছে। তিনি বলেন, এ ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই। বসনিয়ার কর্তৃপক্ষ, বিশেষ করে দেশটির পুলিশের কাছ থেকেও আমরা এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি পাইনি। সংস্থাটির প্রতিষ্ঠাতা পেতার রোসানদিচ বলেন, এ ঘটনা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। ইউরোপীয় ইউনিয়নের বহিঃসীমান্তে এ ধরনের সহিংসতা ‘পদ্ধতিগত’ রূপ নিয়েছে। বিজ্ঞাপন