প্রকাশ :: ... | ... | ...

এমবাপ্পের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন ইয়ামাল


সংযুক্ত ছবি

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে প্রতিযোগিতাটির ইতিহাসে সর্বোচ্চ গোল করা কিশোর ফুটবলার হয়েছেন তিনি। মঙ্গলবার (৩ নভেম্বর) অ্যাস্টন ভিলার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে গোল করে এই কীর্তি গড়েন ১৯ বছর বয়সী ইয়ামাল। স্পটিফাই ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত ম্যাচের সপ্তম মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোল করেন তিনি। তার বাঁকানো শট ঠেকাতে পারেননি ভিলার গোলরক্ষক জিওন সুজুকি। এই গোলের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ইয়ামালের গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৪-তে। এর আগে ১৩ গোল নিয়ে রেকর্ডটি ছিল এমবাপ্পের দখলে। যদিও চ্যাম্পিয়ন্স লিগে এমবাপ্পের মোট গোলসংখ্যা এখন ৭২। মাত্র ৩৭ ম্যাচ খেলেই ১৪ গোল করেছেন ইয়ামাল। এর আগে থেকেই প্রতিযোগিতাটিতে বেশ কয়েকটি বয়সভিত্তিক রেকর্ড নিজের করে রেখেছেন স্পেনের এই তরুণ তারকা। চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে কম বয়সে ম্যাচের শুরুর একাদশে খেলার রেকর্ডও তার। ১৬ বছর ৮৩ দিন বয়সে পোর্তোর বিপক্ষে ইউরোপীয় প্রতিযোগিতায় অভিষেক হয়েছিল তার। এ ছাড়া চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে কম বয়সে গোল ও অ্যাসিস্ট করা, সেমিফাইনালে গোল করা এবং ১৮ ও ১৯ বছর বয়সে পা দেওয়ার আগে সর্বোচ্চ গোল করার কীর্তিও রয়েছে ইয়ামালের। এদিকে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচে ইয়ামালের গোলের পর জোড়া গোল করেন রাফিনিয়া। শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। এই হারে চলতি লিগ পর্বে প্রথমবারের মতো পয়েন্ট হারায় অ্যাস্টন ভিলা। অন্যদিকে জয়ের সুবাদে সাময়িকভাবে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসে বার্সেলোনা। চলতি মৌসুমেও দুর্দান্ত ছন্দে রয়েছেন ইয়ামাল। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫ ম্যাচে ১৩ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১১ গোল। সম্প্রতি ব্যালন ডি’অর পুরস্কারে তৃতীয় স্থান অর্জন করেছেন বার্সেলোনার এই তরুণ ফরোয়ার্ড।