বিশ্বকাপ চলাকালে সম্ভাব্য ব্যালন ডি’অর জয়ের দৌড়ে অন্যতম ফেভারিট ছিলেন লিওনেল মেসি। তবে ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হারের পর সেই পরিস্থিতি বদলে যায়। শেষ পর্যন্ত ২০২৬ ব্যালন ডি’অরে পাঁচে জায়গা হয়েছে রেকর্ড সর্বোচ্চ আটবার মর্যাদাপূর্ণ এই পুরস্কারজয়ী আর্জেন্টাইন মহাতারকা। তবে মেসিকে পছন্দের শীর্ষে রেখে ভোট দিয়েছিলেন আর্জেন্টিনা-ব্রাজিলসহ ৬ দেশের সাংবাদিক। ব্যালন ডি’অর নির্বাচন করেন ১০০ আন্তর্জাতিক সাংবাদিকের সমন্বয়ে গঠিত একটি জুরি বোর্ড। নিয়ম অনুযায়ী- প্রথম স্থানের জন্য ১৫ পয়েন্ট, দ্বিতীয় স্থানের জন্য ১২ পয়েন্ট এবং তৃতীয় স্থানের জন্য ১০ পয়েন্ট দেওয়া হয়। এরপর শীর্ষ ১০-এর বাকি স্থানগুলোর জন্য যথাক্রমে ৮, ৭, ৫, ৪, ৩, ২ ও ১ পয়েন্ট প্রদান করা হয়। শুক্রবার (৩০ অক্টোবর) ফরাসি গণমাধ্যম লে’কিপ ২০২৬ ব্যালন ডি’অরে প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়দের প্রাপ্ত পয়েন্টের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে। যেখানে সর্বোচ্চ ১০৫৫ পয়েন্ট পেয়েছেন ব্যালনজয়ী ইংলিশ তারকা হ্যারি কেইন। রানার্সআপ বা দ্বিতীয় হয়ে এবার দৌড় শেষ করা কিলিয়ান এমবাপে ১০২৭ পয়েন্ট পেয়েছেন। যা ৭০ বছরের ইতিহাসে চতুর্থ সর্বনিম্ন ব্যবধান বলে উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি।