আইপিএলে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে নতুন করে আলোচনা। গতবার নিলামে দল পেয়েও শেষ পর্যন্ত খেলা হয়নি মুস্তাফিজুর রহমানের। এবার আইপিএল নিলাম থেকে সরে দাঁড়িয়েছিলেন মুস্তাফিজ। তবে তিনি না থাকলেও এবারের নিলামে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের একঝাঁক ক্রিকেটার। আসন্ন মিনি নিলামের প্রাথমিক তালিকায় বাংলাদেশের ১২ ক্রিকেটারের নাম আছে। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রকাশিত তালিকা অনুযায়ী, তারা হলেন হাসান মাহমুদ, পারভেজ হোসেন ইমন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, শেখ মেহেদী, শামীম পাটোয়ারী, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, তাওহিদ হৃদয়, মোহাম্মদ রুবেল ও তাসকিন আহমেদ।এর আগে মুস্তাফিজসহ বাংলাদেশের ৭ ক্রিকেটারের নিলামে নিবন্ধনের খবর প্রকাশিত হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে প্রকাশিত প্রাথমিক তালিকায় মুস্তাফিজের নাম দেখা যায়নি। গতবার কলকাতা নাইট রাইডার্স তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে ছেড়ে দিয়েছিল। আগামী ১৬ ডিসেম্বর ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে আইপিএলের মিনি নিলাম। প্রাথমিক তালিকায় সব মিলিয়ে আছেন ১ হাজার ২২০ জন ক্রিকেটার। তাদের মধ্যে বিদেশি ২৮১ জন। ১০টি দলের জন্য খালি আছে সর্বোচ্চ ৬৬টি জায়গা, যার মধ্যে বিদেশি ক্রিকেটারদের জন্য বরাদ্দ ২৫টি। ফলে চূড়ান্ত নিলামের তালিকায় জায়গা পেতে বাংলাদেশের ক্রিকেটারদেরও অপেক্ষায় থাকতে হবে।