সিরিজ বাঁচানোর লক্ষ্যে সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। টস হেরে আগে ফিল্ডিংয়ে নেমে স্বাগতিকরা দ্বিতীয় ওভারেই সুযোগ হারায়। স্লিপে ক্যাচ মিস করেন সাদমান ইসলাম। তবে দারুণ দুটি ইনসুইংয়ে ব্রেন্ডন কিং ও কাভেম হজের স্টাম্প ভেঙে শুরুতেই জোড়া সাফল্য এনে দিলেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। দলীয় ১৪ রানে ২ উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ। এর আগে হাসান মাহমুদের করা দ্বিতীয় ওভারে সেকেন্ড স্লিপে সহজ ক্যাচ দিয়েছিলেন জশুয়া ডি সিলভা। কিন্তু সেটি হাতে পড়লেও আটকে রাখতে পারেননি সাদমান। ব্রেকথ্রু পেতে অবশ্য বাংলাদেশকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। পঞ্চম ওভারে তাসকিনের প্রথম ডেলিভারি ছিল ফুলার লেন্থে, যা মিডউইকেটে ফ্লিক করতে চেয়েছেন কিং। কিন্তু বল বাঁক খেয়ে তাকে ফাঁকি দিয়ে ভেঙেছে দুটি স্টাম্প। ১৮ বলে ৯ রান করেই ফিরলেন কিং। ১৩ রানে ক্যারিবীয়রা প্রথম উইকেট হারাল। ১ রানের ব্যবধানে ওয়ানডাউনে নামা হজও ফিরেছেন প্রায় একইভাবে। পরের ওভারে তার জন্য হাসানের করা একটি ইনসুইং অফ স্টাম্পের ওপর দিয়ে যায়। তিনি সেটি ছেড়ে দিয়েছিলেন। একইভাবে এক বলের ব্যবধানে আরেকটি ডেলিভারি ছেড়ে দেওয়ার চেষ্টা করতেই বল স্কিড করে তার মিডল স্টাম্পের বেলে আঘাত করে। ১ রানেই থামলেন হজ। এর আগে একাদশে দুটি করে পরিবর্তন নিয়ে সিলেট টেস্টে নেমেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ভাইরাল জ্বরে আক্রান্ত হওয়ায় ওপেনার জনাথন ক্যাম্পবেল ও তেজনারায়ণ চন্দরপল খেলছেন না সিলেট টেস্ট। তাদের জায়গায় উইকেটরক্ষক জশুয়া ডি সিলভা এবং অভিষেক হয়েছে কেভিন উইকহ্যামের।