প্রথম ইনিংসে ২৭ রানের লিড নিয়ে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। কিন্তু সেই লিড কাজে লাগিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলার বদলে নিজেরাই এখন বিপর্যস্ত। ওয়েস্ট ইন্ডিজের স্পিনারদের ঘূর্ণিতে একের পর এক উইকেট হারিয়ে ধুঁকছে স্বাগতিকরা। এই অবস্থাতেই শেষ হয় মিরপুর টেস্টের তৃতীয় দিন। দিন শেষে ৬ উইকেটের বিনিময়ে ৭৯ রান তুলতে পেরেছে স্বাগতিক বাংলাদেশ। আর টাইগারদের লিড দাঁড়িয়েছে ১০৬ রানে। জাকের ও নাঈম দুজনই ১৮ রান করে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসের শুরুটাই বাজে হয় বাংলাদেশের। ব্যক্তিগত রানের খাতা খোলার আগেই শামার জোসেফের লেগ স্টাম্পের ফুল লেন্থের বল ফ্লিক করতে গিয়ে গালিতে ক্যাচ দেন তানজিদ হাসান তামিম। আগের ইনিংসে ৭ রান করা এই ওপেনার এবার নিজের শূন্য এবং দলীয় ১ রানেই সাজঘরে ফেরেন। এরপর শান্ত-সাদমান জুটিতে বাংলাদেশের লিড ৫০ পেরোয়। কিন্তু ইনিংসের ১১তম ওভারেই নতুন করে হোঁচট খায় স্বাগতিকরা। তিন বলের ব্যবধানে আউট হলেন আগের ইনিংসের সেঞ্চুরিয়ান সাদমান ও হৃদয়। ৩০ বলে ১৩ রান করে চেজের বলে বোল্ড হন সাদমান। আর হৃদয় এক বল ডিফেন্ড করার পর ক্যারিবীয়দের চাপে ফেলার চেষ্টায় বড় শট খেলার চেষ্টার করেন। কিন্তু ব্যাট-বলে ঠিকঠাক না হওয়ায় জোসেফকে ক্যাচ তুলে দেন মিড-অনে। আগের ইনিংসে ৪২ রানের পর এবার করেন ০।