হাইকোর্টের নির্দেশের পরও ব্যক্তিমালিকানাধীন একটি গাড়ি ফেরত না দেওয়ার অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ও গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) আটজনকে আদালত অবমাননার নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রিট আবেদনকারী শাহ কামাল রাসেলের পক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী এস. এম. জুলফিকার আলী জুনু এ নোটিশ দেন। শুক্রবার (২৭ নভেম্বর) রিটকারী আইনজীবী বিষয়টি নিশ্চিত করেছেন। নোটিশে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ মো. নাজমুন নূরকে বিশেষভাবে হাইকোর্টের আদেশ বাস্তবায়ন এবং গাড়িটি আটকে রাখার সুনির্দিষ্ট আইনগত ভিত্তি ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জানানোর দাবি জানানো হয়েছে। আইনি নোটিশে উল্লেখ করা হয়, গত ১৬ নভেম্বর বিকেলে শাহ কামাল রাসেলের মালিকানাধীন ২০২১ মডেলের টয়োটা হার্ড জিপ (রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ঘ-১৬-০০৮৬) জোরপূর্বক নিয়ে গুলশান থানায় আটকে রাখা হয় বলে অভিযোগ রয়েছে। গত ২৯ অক্টোবরের ২৪৮৪ নম্বর সাধারণ ডায়েরির (জিডি) সূত্রে গাড়িটি আটক করা হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়। এ ঘটনায় গাড়ির মালিক সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে হাইকোর্টে রিট আবেদন করেন; যার নম্বর ১৬৮৯৯/২০২৬। ২৪ ঘণ্টার মধ্যে গাড়ি ফেরতের নির্দেশ হাইকোর্টের গত ২২ নভেম্বর বিচারপতি সিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গাড়িটি আটকে রাখার বৈধতা নিয়ে রুল জারি করেন বলে নোটিশে জানানো হয়েছে।