ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের জন্য চালু করা হলো বিআরটিসি দ্বিতল বাস। এতে এখন থেকে হাসপাতালে সেবার মান আরও বাড়বে বলে মনে করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার (১ সেপ্টম্বর) দুপুরে হাসপাতালটির প্রশাসনিক ব্লকে স্টাফ বাস যাত্রার উদ্বোধন করেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এবং বিআরটিসির চেয়ারম্যান অতিরিক্ত সচিব আব্দুল লতিফ মোল্লা। এই স্টাফ বাস সার্ভিস ব্যবস্থাপনা কমিটির সদস্য সিনিয়র স্টাফ নার্স মর্জিনা আক্তার জানান, হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৩টি বিআরটিসি দ্বিতল বাস চালু করা হয়েছে। একেকটি বাসে ৭৫ জন যাত্রী নিয়মিত আনা-নেয়া করবে। তিনি জানান, এখন আপাতত দুইটি রোডে এই বাস চলবে। প্রথমটি ঢাকা মেডিকেল টু চিটাগং রোড এবং অন্যটি ঢাকা মেডিকেল টু রামপুরা-বাড্ডা-কুড়িল রোডে। সকালে যাত্রীদের হাসপাতালে নিয়ে আসবে। দুপুরে তাদের আবার ওই রোডে পৌঁছে দিয়ে আসবে। পরবর্তীতে এই সেবা আরও পরিসর করা হবে। হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, এতদিন হাসপাতালের অনেক চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা গণপরিবহন ও অটোরিকশায় হাসপাতালে ডিউটিতে আসতেন। এতে অনেক ক্ষেত্রে সঠিক সময়ে ডিউটিতে পৌঁছাতে পারতেন না তারা। এর প্রভাবটা মূলত রোগীদের ওপরই পড়ে। সেই সব বিষয় বিবেচনা করে চিকিৎসাসেবাদাতাদের জন্য এই ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, এখন দুটি রোডে স্টাফ বাস সার্ভিস চললেও সেবাগ্রহীতা বাড়লে বাস এবং রোড দুটিই বাড়ানো হবে। আশা করি, এটি তাদের কাজের জন্য আরও সহায়ক হবে। সেই সঙ্গে সেবার মানও বাড়বে। একটি বাস ঢাকা মেডিকেল টু চিটাগং রোড এবং আরেকটি ঢাকা মেডিকেল টু রামপুরা-বাড্ডা-কুড়িল রোডে আপাতত চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআরটিসির চেয়ারম্যান অতিরিক্ত সচিব আব্দুল লতিফ মোল্লা, হাসপাতালের উপপরিচালক ডা. আশরাফুল আলমসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।