পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে আগামীকাল বুধবার (১২ আগস্ট) দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ থাকবে। আখেরি চাহার সোম্বা উপলক্ষ্যে বাংলাদেশে সরকারিভাবে ‘সাধারণ বা বাধ্যতামূলক ছুটি’র তালিকায় না থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ছুটির সূচিতে এ দিন একদিনের ছুটি রাখা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের বাৎসরিক ছুটির তালিকায় আখেরি চাহার সোম্বা উপলক্ষ্যে একদিন ছুটি রাখা হয়েছে। সে অনুযায়ী দেশের সব স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ও পৃথক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আখেরি চাহার সোম্বা উপলক্ষে ১২ আগস্ট বিশ্ববিদ্যালয় এবং এর অধিভুক্ত দেশের সব কলেজের কার্যক্রম বন্ধ থাকবে। রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানও এরই মধ্যে ছুটির বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এদিকে, রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এরই মধ্যে বিজ্ঞপ্তি দিয়ে আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) ছুটির ঘোষণা দিয়েছে। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগমের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২ আগস্ট বুধবার পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে শ্রেণি পাঠদান বন্ধ থাকবে। আগামী ১৩ আগস্ট বৃহস্পতিবার থেকে যথারীতি আবার ক্লাস চলবে। উল্লেখ্য, আখেরি চাহার সোম্বা মুসলিম সম্প্রদায়ের কাছে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় দিন। আরবি ও ফারসি শব্দের সমন্বয়ে গঠিত ‘আখেরি চাহার শোম্বা’। ‘আখেরি’ অর্থ শেষ, ‘চাহার’ অর্থ চার এবং ‘শোম্বা’ অর্থ বুধবার। অর্থাৎ, আখেরি চাহার শোম্বা বলতে সফর মাসের শেষ বুধবারকে বোঝায়। এ উপলক্ষে বিভিন্ন স্থানে দোয়া, মিলাদ মাহফিল, ওয়াজ-নসিহত, জিকির-আজকার ও মোনাজাতের আয়োজন করা হয়।