সারা দেশে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে বিস্ফোরণ বিএনপি’র ৩ নেতাসহ নিহত ৪, আহত অর্ধশত গোয়েন্দাদের হাতে নাশকতার তথ্য, চলছে গ্রেপ্তার সড়ক-মহাসড়কে তল্লাশি চৌকি, নিরাপত্তা জোরদার সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন প্রায় প্রতিদিনই রাতের আঁধারে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাস-ট্রেনে অগ্নিসংযোগ, পুলিশের গাড়িতে হামলা, সড়ক অবরোধ আর ফাঁকা গুলি, রাজধানী থেকে জেলা শহর পর্যন্ত ধারাবাহিক নাশকতায় জনমনে উদ্বেগ বাড়ছে। গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত থেকে গতকাল বৃহস্পতিবার রাত পর্যন্ত অন্তত ২৫টি জেলায় এ ধরনের ঘটনা ঘটেছে। এতে বিএনপির ৩ নেতাসহ ৪ জন নিহত ও বিচ্ছিন্ন সহিংসতার ঘটনায় অর্ধশত আহত হয়েছেন। এছাড়া সারাদেশে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। গত ১৮ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে নড়াইলের কালিয়া উপজেলায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি মিছিল বের করে। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় দুই বিএনপি নেতা নিহত হন। তারা হলেন- কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিন এবং জাসাসের উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, আগামী ডিসেম্বরকে ঘিরে বড় ধরনের সহিংসতার পরিকল্পনার তথ্য তাদের কাছে আছে। গোয়েন্দা সূত্রের দাবি, নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ওই মাসকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে নাশকতার ছক কষছেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার আশঙ্কা করছেন কর্মকর্তারা। এ কারণে রাজধানীসহ সারা দেশে গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত মঙ্গলবার থেকে শুরু হওয়া নাশকতামূলক সহিংসতার এ তাণ্ডব ছড়িয়ে পড়েছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায়। গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, পিরোজপুর, রংপুর, কুমিল্লা, মেহেরপুর, হবিগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ, খুলনা, রাজশাহী, ফরিদপুর, চট্টগ্রাম, টাঙ্গাইল, দিনাজপুর, নড়াইল, কক্সবাজার ও নাটোরসহ অন্তত ২৫টি জেলায় ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, সংঘর্ষ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কার্যালয়েও আগুন দেওয়া হয়েছে। নিহত চারজনের মধ্যে নড়াইলে দুজন, পিরোজপুরে একজন ও ফরিদপুরে একজন। তিনজনই বিএনপির নেতা। বাকি একজন পিরোজপুরে বাসের হেলপার। পিরোজপুর: ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে গত বুধবার ভোর ৪টার দিকে বাহক পরিবহন ও লিসা পরিবহনের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার পর বাহক পরিবহনের বাসের ভেতর থেকে হেলপার সিয়ামের (২৫) দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। তিনি বাসের ভেতর ঘুমিয়ে ছিলেন। সিয়াম বরিশালের বাবুগঞ্জের ইদিলকাঠি গ্রামের কবির হোসেনের ছেলে। ভান্ডারিয়া থানার ওসি দেওয়ান জগলুল হাসান ঘটনা নিশ্চিত করেছেন। ফরিদপুর: গত মঙ্গলবার রাতে ভাঙ্গার হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা (৩৪) নিহত হন। একই সময় বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয় এবং তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। গোপালগঞ্জ: গত বুধবার সন্ধ্যা সোয়া ৭টার পর থেকে শহরের পাচুড়িয়া, কোর্ট এলাকা, লঞ্চঘাট, কাঁচাবাজার মোড়, পুলিশ লাইন ও বেদগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা রামদা-চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে মোটরসাইকেলে মহড়া দেন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, বহরগুলো লঞ্চঘাটে জড়ো হয়ে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু খানের নেতৃত্বে স্লোগান দেয়। একই সময় গোপালগঞ্জ-২ আসনের বিএনপি সংসদ সদস্য ডা. কে এম বাবরের মালিকানাধীন আরব জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা হয়। নিষিদ্ধ ছাত্রলীগের পৌর শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক খান রিপনের নেতৃত্বে হামলাকারীরা ফেসবুক লাইভে এসে পাঁচতলা ভবনের নিচতলার প্যাথলজি, রিসিপশন ও এমপির ব্যক্তিগত কক্ষ ভাঙচুর করে। আসবাবপত্র বাইরে এনে পেট্রোল ঢেলে আগুন দেয় তারা, হাসপাতালে ককটেলও ফাটানো হয়। তখন সেখানে প্রসূতি মা, সদ্য সিজার হওয়া রোগী ও নবজাতকসহ অনেক রোগী ভর্তি ছিলেন। তীব্র আতঙ্কের মধ্যে স্বজনেরা তাদের নিরাপদ স্থানে সরানোর চেষ্টা করেন। গাজীপুর: শ্রীপুরে ছাত্রলীগের সাবেক উপজেলা সভাপতি জাকিরুল হাসান জিকুর নেতৃত্বে গত মঙ্গলবার রাতে শ্রীপুর-কাপাসিয়া সড়কে মশাল মিছিল হয়। ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করাই ছিল এর লক্ষ্য। কুমিল্লা: গত মঙ্গলবার রাতে নগরের রামঘাট ও মুন্সেফবাড়ি এলাকায় আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয় এবং দলটির সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়ি ও ব্যক্তিগত কার্যালয়ে আবারও আগুন দেওয়া হয়। টানা তৃতীয়বারের মতো বাহারের বাসভবন ও কার্যালয়ে এমন হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ হলো। নাটোর: গত মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে গুরুদাসপুরের ১৪ মাথা এলাকায় চাপিলা ইউনিয়ন বিএনপির কার্যালয় লক্ষ্য করে দুটি ককটেল ছোড়ে দুর্বৃত্তরা। কেউ হতাহত হয়নি। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নয়ন ইসলাম ঘটনা নিশ্চিত করেছেন। নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের পৃথক দুটি স্থানে যাত্রীবাহী বাসে ও মালবোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজ এলাকা এবং এশিয়ান হাইওয়ের মিরেরটেক বাজার এলাকায় এসব ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনের কাঁচপুর ব্রিজ এলাকায় তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন লাগার সঙ্গে সঙ্গে বাসে থাকা যাত্রীরা দ্রুত নেমে আসায় কেউ হতাহত হননি। তবে আগুনে বাসটির ব্যাপক ক্ষতি হয়েছে। অন্যদিকে, একই দিন ভোরে এশিয়ান হাইওয়ের মিরেরটেক বাজার এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা একটি খড়বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৩টার দিকে দিনাজপুর থেকে খড়বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৫-২০৯৬) মিরেরটেক বাজার জামে মসজিদের সামনে এসে থামে। খড়বোঝাই ট্রাকটি মালামাল নামানোর (আনলোড) অপেক্ষায় সড়কের পাশে দাঁড় করিয়ে ভেতরে ঘুমিয়ে পড়েন চালক ও হেলপার। ভোর সাড়ে ৫টার দিকে এক পথচারী নারী ট্রাকে আগুন জ্বলতে দেখে চালককে ডেকে তোলেন। এ সময় ট্রাক চালক রাস্তার পাশের পানিতে জ্বলন্ত খড় ফেলে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে জানায়। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে সকাল সাড়ে ৭টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ট্রাকে থাকা সব খড় পুড়ে ছাই হয়ে যায়। একটি মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত ট্রাকটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এর আগে, সিদ্ধিরগঞ্জের সানারপাড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে রাখা একটি স্টাফ বাসে মোটরসাইকেলে এসে দুজন আগুন ধরিয়ে পালিয়ে যায়। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে। এ ছাড়া রূপগঞ্জের গোলাকান্দাইলে সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর বাড়ির কাছে দুটি বাসে আগুন দেওয়া হয়। স্থানীয়রা একটি গুলির শব্দ শুনেছেন বলে দাবি করেছেন। দুই ঘটনায় কেউ হতাহত হয়নি। এ বিষয়ে তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জসিমউদ্দীন বলেন, এ ঘটনায় ট্রাকের মালামাল পুড়ে গেছে। তবে চালক ও হেলপারের কোনও ক্ষতি হয়নি। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি জুয়েল মিয়া বলেন, একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পুড়ে যাওয়া বাসটি রেকারের মাধ্যমে সরিয়ে দেওয়া হয়েছে। রাজশাহী: গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে বনলতা আবাসিক এলাকায় গ্রামীণ ব্যাংকের জোনাল ও এরিয়া অফিসের নিচতলায় রাস্তার পাশ থেকে পরপর দুটি ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটানো হয়। ভবনের কাচ ও জানালা ভেঙে যায়, তবে কেউ হতাহত হননি। হবিগঞ্জ: গত মঙ্গলবার রাত ২টার দিকে নবীগঞ্জের কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়িতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়া হয়। তখন ভেতরে একজন নিরাপত্তাকর্মী ঘুমিয়ে ছিলেন। ভেতরে ক্ষতি না হলেও শাখার সামনের ডিজিটাল সাইনবোর্ড পুড়ে গেছে। খুলনা: গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে লবণচরা থানার ওয়াজেদ নগরে একটি মুদি দোকান ও ওয়াজেদ নগর যুব উন্নয়ন সংঘ পুড়ে ছাই হয়েছে। মুদি দোকানি চার লাখ টাকা ক্ষতির দাবি করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে। গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে খুলনা জেলা জজ আদালত ভবনের নিচতলায় ককটেল ছোড়া হয়, তবে সেটি বিস্ফোরিত হয়নি। এ ছাড়া মাগরিবের আজানের সময় রয়্যাল মোড়ে টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাস কাউন্টারে হামলা চালিয়ে ক্যাশ কাউন্টার থেকে নগদ টাকা ও দুটি মোবাইল নিয়ে যায় দুর্বৃত্তরা। চট্টগ্রাম: গত মঙ্গলবার গভীর রাতে বাঁশখালীতে দক্ষিণ জেলা বিএনপির সদস্য আমিনুর রহমান চৌধুরীর বাড়ির জানালার ফাঁক দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরানো হয়। দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ক্ষতি হয়নি। এর আগে রাত ১টার দিকে নগরের মুরাদপুরে ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। জানালা বন্ধ থাকায় আগুন ভেতরে ছড়ায়নি। জড়িতদের খুঁজছে পুলিশ। যশোর: গত এক সপ্তাহে গ্রামীণ ব্যাংকের চারটি শাখায় অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সর্বশেষ মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে বাঘারপাড়ার নারকেলবাড়িয়া কেন্দ্রে ভেতরে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। কর্মীরা দ্রুত আগুন নেভান, সম্পদের ক্ষতি হয়নি। কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কে আছেন। কর্তৃপক্ষ একটি ঘটনাতেও মামলা করেনি; তবে সব কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হচ্ছে। নেত্রকোনা: গত বুধবার ভোর ৪টার দিকে বারহাট্টার চিরাম ইউনিয়নের বামনগাঁও বাজারে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন দেওয়া হয়। আগুন পাশের লাকড়ির দোকানেও ছড়ায়। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই দুটিই পুড়ে ছাই হয়ে যায়। টাঙ্গাইল: গত মঙ্গলবার রাতে বাসাইল ও দেলদুয়ার উপজেলায় গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দেওয়া হয়। দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ক্ষতি হয়নি, জানিয়েছে পুলিশ। বগুড়া: গত মঙ্গলবার রাত ১১টার দিকে মাটিডালিতে সদর উপজেলা পরিষদের সামনে মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্তের একজন ককটেল ছুড়ে পালিয়ে যায়। রংপুর: ১০ ঘণ্টার ব্যবধানে দুটি বাসে আগুন দেওয়া হয়। বুধবার ভোর ৪টার দিকে পর্যটনপাড়ায় একটি মিনিবাসে এবং বেলা ২টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনালের কাছে গ্যারেজে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসে। দুটি বাসই পুড়ে ভস্মীভূত হয়েছে। এরপর রংপুর-ঢাকা ও রংপুর-দিনাজপুর মহাসড়কে বাস চলাচল কমে গেছে। এছাড়া নারায়ণগঞ্জে সাবেক এমপি শামীম ওসমানের বাড়ি রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন দেওয়া হয়। যশোর০নড়াইল সড়কে একটি কভার্ডভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপে চালক ও হেলপার দ্বগ্ধ হয়েছে। নেত্রকোনার বারহাট্টা ও ঠাকুরাকোনা স্টেশনের মাঝে পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে মঙ্গলবার রাতে আগুন দেওয়া হয়। একই রাতে বারহাট্টার অতিথপুর রেলস্টেশনেও আগুন দেওয়ার ঘটনা ঘটে। ফেসবুকে ছড়িয়ে পড়া দুটি ভিডিও থেকে বিষয়টি জানাজানি হয়। ১৬ সেকেন্ডের একটি ভিডিওতে এক যুবককে কালভার্টের ওপর রেললাইনে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দ্রুত চলে যেতে দেখা যায়। ৪১ সেকেন্ডের অন্য ভিডিওতে অতিথপুর স্টেশনে আগুন দেওয়ার দৃশ্য আছে। দুই স্থানের দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার। নিরাপত্তাজনিত কারণে খুলনা থেকে পদ্মা সেতু হয়ে চলাচলকারী সব রুটে বাস বন্ধ রেখেছে বাস মালিক সমিতি। গোপালগঞ্জ হয়ে বরিশালেও কোনো বাস চলছে না। ফলে ঢাকা-খুলনা ও চট্টগ্রাম-কক্সবাজারের যাত্রীরা বাস টার্মিনাল ও কাউন্টারে এসে বাস না পেয়ে ভোগান্তিতে পড়েছেন। আওয়ামী লীগের ঘোষিত সর্বাত্মক লকডাউন কর্মসূচি ঘিরে গতকাল আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ সতর্ক অবস্থানে ছিল। গোয়েন্দা সূত্রের দাবি, ওই কর্মসূচিতে যানবাহন, সরকারি স্থাপনা, বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয় এবং নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পরিকল্পনার তথ্য পাওয়া গেছে। পোশাকশ্রমিকদের আন্দোলনে অনুপ্রবেশ করে পরিস্থিতি অস্থিতিশীল করার আশঙ্কাও করছেন গোয়েন্দারা। সম্ভাব্য নাশকতা ঠেকাতে গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক, পরিবহনকেন্দ্র ও ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। এদিকে গতকাল বৃহস্পতিবার বিজিবি সদর দপ্তরের জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সাত জেলায় ৯৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এ ছাড়া আরও পাঁচ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে। মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে ঢাকা জেলায় ২৩ প্লাটুন, চট্টগ্রামে ১৫, নারায়ণগঞ্জে ৬, গাজীপুরে ১৫, গোপালগঞ্জে ২৭, ময়মনসিংহে ২ এবং ফরিদপুরে ৩ প্লাটুন রয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে এমন কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন বিজিবি সদস্যরা। মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। বিজিবি জানায়, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি সংশ্লিষ্ট জেলাগুলোতে সর্বোচ্চ পেশাদারত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন সদস্যরা। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে, দেশজুড়ে নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনা ঘটছে। গত ৭ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১২ দিনে সারা দেশে ৭৪টি পরিবহনে অগ্নিসংযোগ এবং ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার পুলিশ সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়। এ সময়ে পুলিশের স্থাপনা ও যানবাহনও হামলার শিকার হয়েছে। এসব ঘটনায় মোট ৩৮টি মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোতে এখন পর্যন্ত ৬৩ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, ১২ দিনে সারা দেশে পুলিশের তিনটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এছাড়া পুলিশের ১৮টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। দুটি স্থাপনায় ককটেল বিস্ফোরণের পাশাপাশি একটি গাড়ি ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব নাশকতার ঘটনায় এখন পর্যন্ত ৩৮টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় জড়িত থাকার অভিযোগে ৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, পুলিশের নজরদারি ও টহল বৃদ্ধি, চেকপোস্ট স্থাপন, দ্রুততম সময়ে রেসপন্স করা ইত্যাদি কার্যক্রম গ্রহণ করা হয়েছে। নিষিদ্ধ সংগঠন এবং কার্যক্রম নিষিদ্ধ দল যাতে কোনও ধরনের নাশকতা সৃষ্টির অপচেষ্টা চালাতে না পারে, সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করবে। অরাজক পরিস্থিতি সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর কোন ধরনের সুযোগ কাউকে দেওয়া হবে না। কেউ নাশকতা সৃষ্টির অপচেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে। রায়েরবাজার কাঁচাবাজারে আগুন রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজার ও বাজারের পাশে টিনের কয়েকটি বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় সকাল ১০টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার বলেন, আগুন লাগার খবর পেয়ে হাজারীবাগ ও মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি করে মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। সকাল ১০টা ৩৫ মিনিটে ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সকাল ১০টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।