★ ঢাকার প্রবেশমুখসহ গুরুত্বপূর্ণ সড়কে তল্লাশি চৌকি ★ পুলিশি টহল জোরদার, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, ৬৪ মামলায় গ্রেপ্তার ৪৬৬ ★ শ্রমিক-পুলিশ সংঘর্ষে আবারও উত্তপ্ত সাভার-আশুলিয়া, কয়েকটি কারখানা বন্ধ ★ শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা-গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি ★ অপরাধী শনাক্তে ব্যবহার করা হচ্ছে বডি ওর্ন ক্যামেরা, ড্রোন ও ডিভাইস সাম্প্রতিক সময়ে দিনে রাতে সমানতালে সুযোগসন্ধানীরা বিচ্ছিন্নভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। এমন পরিস্থিতিতে ঢাকাবাসীর নিরাপত্তা নিশ্চিতে যেকোনো ধরণের নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যরা। নাশকতার অপচেষ্টায় ব্যবহৃত অস্ত্র-বোমা এক স্থান থেকে আরেক স্থানে সরবরাহের লাগাম টানতে এবার আটঘাট বেঁধে মাঠে নেমেছে পুলিশ। রাজধানী ঢাকার সবকটি প্রবেশমুখের আসা-যাওয়ার পথে বসানো হয়েছে তল্লাশি চৌকি। সন্দেহভাজন যানবাহন ও যাত্রী-পথচারীরাও পুলিশি তল্লাশির মুখে পড়ছে। নগরীর ৫০টি থানা এলাকার পাড়া-মহল্লায় পুলিশি টহল ব্যবস্থাও জোরদার করা হয়েছে। নাশকতা ঠেকাতে নগরজুড়ে বাড়ানো হয়েছে পুলিশের অতিরিক্ত টহল আর গোয়েন্দা নজরদারি। ইতোমধ্যেই গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬৪ মামলায় ৪৬৬ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে নিম্নতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানী ঢাকার পার্শ্ববর্তী সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল এলাকা। বুধবার (১১ নভেম্বর) সকাল থেকে কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন ও বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে সড়কে নেমে অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ পরিস্থিতিতে কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। ঘটনার পর থেকেই সাভার-আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যেকোনো ধরণের বিশৃঙ্খলা এড়াতে শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ এলাকায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত রাখতে ও সরকারকে বেকায়দায় ফেলতে নানান কৌশলে ছক কষে মরিয়া হয়ে মাঠে নেমেছে বিশেষ একটি গোষ্ঠী বা মহল। এরই অংশ হিসেবে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার করার দাবিতে রাজধানী ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চল এলাকায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। পাশাপাশি বিশেষ একটি মহল আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করে তুলতে গুপ্ত হামলা চালিয়ে কারখানা, গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগ ও রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা ও ব্যস্ততম সড়ক লক্ষ্য করে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক তৈরি করছে। একই সঙ্গে রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরে গ্রেনেডসদৃশ্য বস্তু ও শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠেও বোমাসদৃশ্য বস্তু ফেলে রেখে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ভীতি ছড়াচ্ছে। এমন পরিস্থিতি উত্তোরণে সরকারের শীর্ষ পর্যায়ের দিক-নির্দেশনায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিশেষ করে ঢাকার অস্থিতিশীল পরিবেশ তৈরিতে তৎপর হয়ে ওঠা দুর্বৃত্তদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নানা কৌশল অবলম্বন করে গ্রেপ্তার অভিযানে নেমেছে। ডিএমপি জানায়, রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৬৪টি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত মঙ্গলবার দিনরাত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩০ জন, লালবাগ বিভাগ ৪৬ জন, ওয়ারী বিভাগ ৫৬ জন, মতিঝিল বিভাগ ৬৪ জন, তেজগাঁও বিভাগ ৮০ জন, মিরপুর বিভাগ ১৩১ জন, গুলশান বিভাগ ২৯ জন, উত্তরা বিভাগ ২২ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানকালে ১৩টি ককটেল, ৯টি পেট্রোল বোমা, ৯৫০ গ্রাম গান পাউডার, বিস্ফোরিত পেট্রোল বোমার অংশবিশেষ, ১৭টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৩ হাজার ৮১ পিস ইয়াবা, ২৪ ক্যান বিয়ার, ২ বোতল বিদেশি মদ, ১টি বাস, ৫টি মোটর সাইকেল, ১৪টি মোবাইল ফোন ও একজন ভিকটিম উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ডিএমপি আরও জানায়, এরই ধারাবাহিকতায় নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করা এবং যানবাহনের নিরাপত্তা নিশ্চিতে নগরজুড়ে সর্বোচ্চ সতর্কতা অবস্থায় রয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশপথ, সড়ক ও অপরাধপ্রবণ এলাকায় চেকপোস্ট বসানোর পাশাপাশি বাড়ানো হয়েছে পুলিশি টহল ও নজরদারি। বুধবার (১১ নভেম্বর) গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন। তিনি জানান, ডিএমপির বিভিন্ন থানা ও ইউনিটের সমন্বয়ে রাজধানীর বিভিন্ন স্থানে বিশেষ নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর আওতায় সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই এবং সন্দেহজনক চলাচলের ওপর নজর রাখা হচ্ছে। আকতার হোসেন বলেন, ছিনতাই, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে পুলিশের উপস্থিতি জোরদার করা হয়েছে। নগরবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং অপরাধ সংঘটনের আগেই তা প্রতিরোধে ডিএমপির এ তৎপরতা অব্যাহত থাকবে। ডিএমপি’র ডিসি মিডিয়া মো. আকতার হোসেন আরও জানান, রাজধানীর বিভিন্ন সড়কে চলাচলরত যানবাহন ও চালকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নগরবাসীর জানমাল ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিতে ডিএমপি সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে। এ ধরনের নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। এদিকে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (১১ নভেম্বর) সকাল থেকে সাভারের হেমায়েতপুর ও আশুলিয়ার জামগড়া এলাকার অধিকাংশ কারখানায় শ্রমিকেরা স্বাভাবিকভাবে কাজে যোগ দেন। তবে কয়েকটি কারখানার শ্রমিকেরা কর্মস্থলে প্রবেশের পরই মজুরি বৃদ্ধির দাবিতে কর্মবিরতি শুরু করেন। সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার কয়েকটি কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। এরপর শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে সড়কে জড়ো হন এবং অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ ও কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। অন্যদিকে, বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টার পর সাভারের হেমায়েতপুর এলাকাতেও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়। সেখানে কয়েকটি কারখানার শ্রমিকেরা বেরিয়ে এসে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। তবে এ ঘটনায় এখন পযর্ন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। শিল্প পুলিশের একটি সূত্র জানিয়েছে, কয়েকটি কারখানার শ্রমিকেরা কর্মবিরতি ও বিক্ষোভ করায় শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তার স্বার্থে আশুলিয়া ও সাভার অঞ্চলের অন্তত ৫০টি কারখানায় দিনের ছুটি বা সাধারণ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। তবে শিল্পাঞ্চলের অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এসব বিষয়ে জানতে চাইলে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি কী তা জানতে শিল্প পুলিশ-১-এর এসপি মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিকরা যখন সড়ক অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ প্রথমে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এতে কাজ না হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাধ্য হয়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং লাঠিচার্জ করে। পুলিশ রাবার বুলেট ব্যবহার করেনি। গত মঙ্গলবার শ্রমিকদের নিক্ষিপ্ত ইট-পাটকেলের আঘাতে ৫ জন পুলিশ সদস্য আহত হন। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এদিকে, শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও কৌশলগত পয়েন্টে মোট ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এরমধ্যে ঢাকার মিরপুরে ১ প্লাটুন, সাভার ও হেমায়েতপুর এলাকায় ২ প্লাটুন, জিরানী এলাকায় ২ প্লাটুন, আশুলিয়া এলাকায় ৯ প্লাটুন এবং জামগড়া এলাকায় ২ প্লাটুন; গাজীপুরের চন্দ্রা এলাকায় ১ প্লাটুন, পল্লী বিদ্যুৎ এলাকায় ২ প্লাটুন, মৌচাক এলাকায় ১ প্লাটুন, আমবাগ-কাটা এলাকায় ১ প্লাটুন, কাশিমপুর এলাকায় ১ প্লাটুন, নাওজোর এলাকায় ১ প্লাটুন, ভোগড়া বাইপাস এলাকায় ১ প্লাটুন, গাছা এলাকায় ১ প্লাটুন এবং সালনা এলাকায় ১ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। অন্যদিকে, নারায়ণগঞ্জের শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকায় ২ প্লাটুন, জালকুড়ি এলাকায় ২ প্লাটুন, বিসিক শিল্পনগরী এলাকায় ১ প্লাটুন, চাষাড়া মোড়ে ১ প্লাটুন এবং কাঁচপুর সেতু ও শিমরাইল এলাকায় ১ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। মোতায়েনকৃত বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। এদিকে, বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইম্প্রোভাইজড ডিভাইসের মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি, মাঠপর্যায়ের কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিংয়ের মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিটগুলোর মধ্যে প্রয়োজনীয় সমন্বয় অব্যাহত রয়েছে। শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এ মোতায়েন ও তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।