প্রকাশ :: ... | ... | ...

পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরির প্রস্তাব জমা দিয়েছে মালিকপক্ষ


সংযুক্ত ছবি

তৈরি পোশাক শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দিয়েছে। তবে প্রস্তাবে কত টাকা মজুরির কথা বলা হয়েছে, তা এখনই প্রকাশ করতে চায় না নিম্নতম মজুরি বোর্ড। আলোচনা শেষ করে পরবর্তী সভায় এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। সাংবাদিকদের পক্ষ থেকে গণমাধ্যমে প্রচারিত মালিকপক্ষের প্রস্তাব ১৪ হাজার থেকে ১৪ হাজার ৩০০ টাকা উল্লেখ করা হলে তিনি বলেন, এ অঙ্ক একেবারেই অবাস্তব। সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৫টায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে তৈরি পোশাকশিল্প খাতের নিম্নতম মজুরি বোর্ডের চলমান তৃতীয় সভার মাঝে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ব্রিফিংয়ে শ্রমিক প্রতিনিধি বাবুল আখতারসহ বোর্ডের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, সকাল সাড়ে ১০টায় নির্ধারিত সময়ে সভা শুরু হয়। নামাজের বিরতিসহ বিকেল প্রায় চারটা পর্যন্ত সভার কার্যক্রম চলে। বোর্ডের সব সদস্য সভায় উপস্থিত ছিলেন। শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা তাদের বিশ্লেষণ ও মতামত তুলে ধরেছেন। তবে সভার আলোচনা তখনো শেষ হয়নি।