রাজশাহী বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব মো. ইউসুফ আলীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। বদলির আদেশ জারির পর মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি রাজশাহী ত্যাগ করেন। তাঁর স্থলে ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে রেজাউল আলম সরকারকে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊনি-১ শাখার উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে ইউসুফ আলীকে বদলি করা হয়। সংশ্লিষ্ট সূত্রের দাবি, রাজশাহীতে প্রধানমন্ত্রীর অভ্যর্থনা অনুষ্ঠানে রাষ্ট্রীয় প্রটোকল ও শিষ্টাচার লঙ্ঘনের অভিযোগে তাঁর বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় নির্ধারিত প্রটোকল অনুসরণ না করে তাঁকে জড়িয়ে ধরার চেষ্টা করেন বিভাগীয় কমিশনার—এমন অভিযোগ উঠেছে। ঘটনাটিকে প্রশাসনিক শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচনা করে তাঁকে ওএসডি করা হয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে। তবে এ বিষয়ে মো. ইউসুফ আলীর বক্তব্য জানতে তাঁর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। এর আগে মো. ইউসুফ আলী ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।