প্রকাশ :: ... | ... | ...

বিনা খরচে আজ মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী


সংযুক্ত ছবি

আড়াই বছর বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী পাঠানো শুরু হচ্ছে। আজ বিকেল সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তাদের বিদায় শুভেচ্ছা জানাবেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বিনা খরচে প্রথম ধাপে ১১২ জন কর্মী কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা হবেন। এদিন, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। রাশেদুল হক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় দেশে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে আজ সন্ধ্যায় ১১২ জন কর্মী মালয়েশিয়া যাচ্ছেন। তারা ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া)-তে মাসিক ১ জাজার ৭০০ রিঙ্গিত মূল বেতনে, তিন বছরের নবায়নযোগ্য চুক্তিতে, নিয়োগকর্তার দেওয়া আবাসন ও চিকিৎসা সুবিধাসহ কাজ করবেন। বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, শূন্য মানে শূন্য। এই কর্মসূচিতে কর্মীকে বোয়েসেল বা অন্য কোনো ব্যক্তি/প্রতিষ্ঠানকে কোনো অর্থ দিতে হচ্ছে না। পাসপোর্ট, মেডিকেল পরীক্ষা, বিএমইটি নিবন্ধন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ফি, প্রাক-বহির্গমন প্রশিক্ষণ, বীমা, যাতায়াত ও আবাসনসহ বাংলাদেশ অংশের কর্মীপ্রতি ২৬ হাজার ৩৫০ টাকা এবং ভিসা ফি ও বিমান টিকিটের সমুদয় ব্যয় নিয়োগকর্তা বহন করছে। জনপ্রতি আনুমানিক ২ লাখ টাকা হিসাবে কর্মীদের সাশ্রয় প্রায় ২ কোটি ১০ লাখ টাকা।