রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধবিরোধী ও মাদকবিরোধী অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৭৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব অভিযানে ৪৭টি মামলা করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী। ডিএমপি জানায়, রাজধানীর অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন বিভাগে একযোগে এ অভিযান চালানো হয়। এর মধ্যে তেজগাঁও বিভাগে সর্বোচ্চ ১০২ জন, মিরপুরে ৮০, মতিঝিলে ৭৪, ওয়ারীতে ৬৩, উত্তরা ৪১, রমনা ৩৫, গুলশান ৩৫, লালবাগ ৩৪, গোয়েন্দা বিভাগে (ডিবি) ৯ এবং সিটিটিসিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৩০ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৭ হাজার ৭০১ পিস ইয়াবা, ৬২ বোতল এস্কাফ সিরাপ, দুটি সুইচ গিয়ার ও নগদ ৬ হাজার ৬১০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া ১০টি ভিওআইপি মেশিন ও বিভিন্ন অপারেটরের বিপুলসংখ্যক ব্যবহৃত ও অব্যবহৃত সিম কার্ড জব্দ করা হয়েছে। এর মধ্যে বাংলালিংকের ১৮ হাজার ৭৭টি, রবির ১ হাজার ২৬২টি, জিপির ৭০০টি, এয়ারটেলের ১৫০টি এবং অন্যান্য অপারেটরের ৭৯৮টি সিম রয়েছে। অভিযানে একটি ল্যাপটপ, ১৩টি মোবাইল ফোন ও দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়। পাশাপাশি দুই ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে নগরীর আইনশৃঙ্খলা রক্ষায় ডিএমপির এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।