প্রকাশ :: ... | ... | ...

লালবাগ ভূমি অফিসের সেই সার্ভেয়ার রিমান্ডে


সংযুক্ত ছবি

জমির সীমানা নির্ধারণ ও নকশা তৈরির কাজ করে দেওয়ার কথা বলে ৮০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে গ্রেফতার পুরান ঢাকার লালবাগ ভূমি অফিসের রাজস্ব সার্কেলের সার্ভেয়ার মো. আসাদুল ইসলামের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক হাফিজুর রহমান আসামিকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে দুদকের পক্ষে আইনজীবী দেলোয়ার জাহান রুমি রিমান্ডের পক্ষে যুক্তি দেন। আসামিপক্ষে আইনজীবী ফরহাদ হোসেন নিয়ন এর বিরোধিতা করেন। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। দুদকের আবেদনে বলা হয়, জমির সীমানা নির্ধারণ, সরকারি ও ব্যক্তিমালিকানাধীন জমি আলাদা করা এবং নকশা প্রস্তুতের কাজ করে দেওয়ার বিনিময়ে অবসরপ্রাপ্ত সৈনিক মো. মনিরুল ইসলামের কাছে ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেন আসাদুল ইসলাম। মনিরুল ইসলামের দাবি, ঢাকা জেলার লালবাগ থানার চরকামরাঙ্গী মৌজায় ২৮২ শতাংশ জমির মালিকদের কাছ থেকে তিনি নিবন্ধিত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি নিয়েছেন। ওই জমির সীমানা নির্ধারণ ও নকশা তৈরির জন্য গত ২৭ এপ্রিল ঢাকা জেলা প্রশাসকের কাছে আবেদন করেন তিনি। প্রায় ছয় মাসেও কাজ শেষ না হওয়ায় কয়েক দফা লালবাগ ভূমি অফিসের রাজস্ব সার্কেলে যোগাযোগ করেন। পরে তাকে সার্ভেয়ার আসাদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। একপর্যায়ে ৮০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ দুদককে জানান ভুক্তভোগী মনিরুল। অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ের পর দুদকের ঢাকা জেলা কার্যালয়-১-এর একটি বিশেষ দল ফাঁদ অভিযানের পরিকল্পনা করে। দুদকের ভাষ্য অনুযায়ী, গত মঙ্গলবার বেলা ১১টার দিকে লালবাগ ভূমি অফিসের রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে আসাদুলের নির্ধারিত কক্ষে তাকে এক লাখ টাকা দেন মনিরুল। টাকা গ্রহণ করে সার্ভেয়ার তা পাশের একটি সাইড টেবিলের দ্বিতীয় তাকে রাখেন। এ সময় আগে থেকে সেখানে অবস্থান নেওয়া দুদকের ফাঁদ দলের সদস্যরা তাকে আটক করেন। পরে ওই টেবিলের দ্বিতীয় তাক থেকে খাকি রঙের একটি খামে রাখা এক লাখ টাকা উদ্ধার করা হয়। দুদকের দাবি, উদ্ধার করা টাকার নম্বরের সঙ্গে অভিযোগকারী আগে সরবরাহ করা টাকার নম্বর মিলে যায়। জিজ্ঞাসাবাদে আসাদুল ঘুষ নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন বলেও রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় দুদকের সহকারী পরিচালক মো. মাহবুব মোর্শেদ বাদী হয়ে আসাদুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন। দণ্ডবিধির ১৬১ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলাটি করা হয়েছে। ঘুষ দাবির ঘটনায় অন্য কেউ জড়িত কি না এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আরও তথ্য উদ্ঘাটনের জন্য আসামিকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে রিমান্ড আবেদনে উল্লেখ করেছে দুদক।