প্রকাশ :: ... | ... | ...

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪


সংযুক্ত ছবি

ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় হতাহতদের দেখতে দুর্ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ছবি: সবুজ বাংলা

ঢাকা-সিলেট মহাসড়কে সিলেটের ওসমানীনগরে আবারও সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে। শনিবার (২২ আগস্ট) বেলা আড়াইটার দিকে উপজেলার ব্রাহ্মণগ্রাম (কসরতল) এলাকায় তেলবাহী ট্রাক ও যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী তেলবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ঢ ৪৪-০৬৫৪) ওসমানীনগরের ব্রাহ্মণগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিকশার (মৌলভীবাজার-থ ১১-৮৩৫৩) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কয়েকজন হতাহত হন। এ সময় স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। গুরুতর আহত অবস্থায় ৫ থেকে ৬ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা এবং হাইওয়ে পুলিশের শেরপুর থানার ওসি আনিসুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উল্লেখ্য, গত ৭ আগস্ট সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহত হন। ওই ঘটনার পর এক মাস না পেরোতেই একই মহাসড়কে আবারও প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।