বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে জব্দ করা প্রায় সাড়ে ১৯ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৮ অক্টোবর) সকালে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সদরে আনুষ্ঠানিকভাবে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিজিবি সদর দপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কক্সবাজার রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী সামশের উদ্দীন মাদকদ্রব্য ধ্বংস উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া রামু সেক্টরের কমান্ডার, ৩৪ বিজিবির অধিনায়ক, বান্দরবানের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ বিজিবির অন্যান্য কর্মকর্তারাও এতে উপস্থিত ছিলেন। বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) জানায়, ২০২৫ সালের ১৪ আগস্ট থেকে রোববার পর্যন্ত বান্দরবানে বিভিন্ন অভিযানে জব্দ করা ৬ লাখ ৫২ হাজার ২৪৮ পিস ইয়াবা ও ১৫৫ লিটার বাংলা মদ ধ্বংস করা হয়েছে। জব্দকৃত এসব মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৯ কোটি ৫৭ লাখ ২০ হাজার ৯০০ টাকা। ৩৪ বিজিবি আরও জানায়, গত এক বছরে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মোট ১৬০ কোটি ২৮ লাখ টাকার মাদক ও চোরাচালান মালামাল জব্দ করা হয়েছে এবং সংশ্লিষ্ট ঘটনায় ২৮৫ জনকে আটক করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।