★ অস্ত্র-মাদক ও বিস্ফোরক বহনে ব্যবহার হচ্ছে বিভিন্ন বাহন ★ শতাধিক আইইডি বোমা তৈরির বিপুল বিস্ফোরক জব্দ ★ দুইটি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার ★ ২৫৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ২ “সীমান্ত ও প্রবেশপথগুলোতে দায়িত্বরতদের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং রাজনৈতিক সদিচ্ছা নিশ্চিত না হলে অরক্ষিত সীমান্তের ঝুঁকি কমানো কঠিন হয়ে উঠবে” — ড. তৌহিদুল হক, সমাজ ও অপরাধ বিশ্লেষক, ঢাকা বিশ্ববিদ্যালয় “দেশের অভ্যন্তরে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যের মজুত ও পরিবহন প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে” — লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, অধিনায়ক, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সাম্প্রতিক সময়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অপরাধমূলক কর্মকাণ্ড ও বহুমুখী সংকটের ফলে ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে দেশের সীমান্ত অঞ্চল। ভারত ও মিয়ানমার—উভয় সীমান্তেই অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, মাদক-অস্ত্র ও বিস্ফোরকের চোরাচালান এবং ভূ-রাজনৈতিক অস্থিরতা নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা রোধে আইনশৃঙ্খলা বাহিনী ব্যস্ত থাকার সুযোগ নিচ্ছে অপরাধ চক্রের শক্তিশালী সিন্ডিকেট। তারা নানা কৌশলে প্রতিবেশী দেশ থেকে অস্ত্র-মাদক ও প্রাণঘাতী বিস্ফোরক সংগ্রহ করে সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করাচ্ছে। চক্রটির সদস্যরা ওপার থেকে সংগ্রহকৃত এসব সরঞ্জামাদি দেশের অভ্যন্তরে প্রবেশ করিয়ে বিভিন্ন কৌশলে নিত্যপণ্য বা অন্যান্য জরুরি পণ্যের আড়ালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পৌঁছে দিচ্ছে। এক্ষেত্রে তারা ব্যবহার করছেন ইজিবাইক, সিএনজিচালিত অটোরিকশা, ব্যক্তিগত প্রাইভেটকার, যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলসহ অন্যান্য বাহন। অপরাধ বিশ্লেষকদের মতে, সীমান্ত ও প্রবেশপথগুলোতে দায়িত্বরতদের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং রাজনৈতিক সদিচ্ছা নিশ্চিত না হলে অরক্ষিত সীমান্তের ঝুঁকি কমানো কঠিন হয়ে উঠবে। তবে বিজিবি বলছে, দেশের অভ্যন্তরে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যের মজুত ও পরিবহন প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিতে অপরাধ দমনে আখাউড়া সীমান্ত এলাকা পরিদর্শন শেষে কর্তব্যরত কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়েছেন বিজিবি’র মহাপরিচালক। খোঁজ নিয়ে জানা যায়, বাংলাদেশের স্থল সীমান্তের মোট দৈর্ঘ্য ৪,৪২৭ কিলোমিটার। এর মধ্যে ভারত সীমান্ত ৪,১৫৬.৫৬ এবং মিয়ানমার সীমান্ত ২৭১ কিলোমিটার)। সীমান্ত এলাকার নির্দিষ্ট কোনো একক "আয়তন" (বর্গ কিলোমিটার) সরকারিভাবে নির্ধারিত নেই, তবে সীমান্তের শূন্য রেখা থেকে অভ্যন্তরে ১০ মাইল (প্রায় ১৬.০৯ কিমি) এলাকাকে সীমান্ত অঞ্চল হিসেবে বিবেচনা করা হয়। ঢাকা ও বরিশালে প্রতিবেশী দেশের সঙ্গে কোনো সীমান্ত এলাকা নেই। তবে দেশের মোট ৩২টি জেলায় আন্তর্জাতিক সীমান্ত এলাকা রয়েছে। এর মধ্যে ভারতের সাথে ৩০টি এবং মিয়ানমারের সাথে ৩টি; এর মধ্যে রাঙামাটি উভয় দেশের সীমান্তবর্তী। এর মধ্যে রংপুর বিভাগে ভারত সীমান্তবর্তী জেলা রয়েছে- পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী। রাজশাহী বিভাগে- চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী ও জয়পুরহাট। খুলনা বিভাগে- মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর ও সাতক্ষীরা। ময়মনসিংহ বিভাগে- শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোণা ও জামালপুর। সিলেট বিভাগে- সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ। চট্টগ্রাম বিভাগে- ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার। এর মধ্যে রাঙামাটি (ভারত ও মিয়ানমার উভয় দেশের সীমান্ত), খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনী ভারত সীমান্তবর্তী এবং বান্দরবান ও কক্সবাজার মিয়ানমার সীমান্তবর্তী। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিরাপত্তা, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং ভৌগোলিক বা সংঘাতজনিত কারণে সীমান্ত এলাকাগুলো বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে- মিয়ানমার সীমান্ত (কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রাম): আঞ্চলিক সংঘাত, রোহিঙ্গা শরণার্থী শিবির এবং সীমান্তের ওপারের অস্থিতিশীলতার কারণে টেকনাফ, উখিয়া ও বান্দরবানের সীমান্ত এলাকা অত্যন্ত সংবেদনশীল। ভারত সীমান্তের অরক্ষিত ও নদীবেষ্টিত অংশের দীর্ঘ সীমান্তের যেসব অংশে কাঁটাতারের বেড়া নেই অথবা নদী ও দুর্গম পাহাড় রয়েছে, সেসব এলাকা দিয়ে মাদক, অস্ত্র ও চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশের ঝুঁকি অনেক। এছাড়া স্পর্শকাতর স্পট হচ্ছে- ফেনীর মুহুরীর চর ও বিলোনিয়া সীমান্তসহ বিভিন্ন চরাঞ্চল ও ছিটমহল-সংলগ্ন এলাকা। সেখানে মাঝেমধ্যে উত্তেজনা বা নজরদারি বাড়ানো হয়। এছাড়া দেশের উত্তর-পশ্চিম ও উত্তর-পূর্ব সীমান্তের বিস্তীর্ণ বেল্ট যেমন- রংপুর রিজিয়নের (১,৬৬৮.৮৫৪ কিমি) পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম এবং সিলেট অঞ্চলের সীমান্ত এলাকায় চোরাচালান ও পুশ-ইন প্রতিরোধে বিশেষ সতর্কতা থাকে। বিজিবিসহ সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশ-ভারত সীমান্তে সম্প্রতি ‘পুশ-ইন’ বা অবৈধভাবে লোক ঠেলে দেওয়ার প্রবণতা বেড়েছে। বেনাপোল ও পঞ্চগড়সহ বিভিন্ন সীমান্ত দিয়ে অনুপ্রবেশের একাধিক চেষ্টা ব্যর্থ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি আসন্ন ডিসেম্বর মাসকে কেন্দ্র করে বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ও নাশকতার আশঙ্কায় সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা সরেজমিনে পর্যবেক্ষণে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ফেনী, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত পরিদর্শন করেছেন। সুনামগঞ্জ ও দিনাজপুরের মতো স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলোতেও বাড়তি জনবল মোতায়েনের পাশাপাশি আধুনিক নজরদারি ক্যামেরা ও ড্রোন ব্যবহার করে সার্বক্ষণিক পর্যবেক্ষণ চালানো হচ্ছে। অন্যদিকে, মিয়ানমারের রাখাইন রাজ্যের চলমান সংঘাত এবং আরাকান আর্মির নিয়ন্ত্রণের ফলে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তও চরম সংবেদনশীল অবস্থায় রয়েছে। এই সীমান্ত দিয়ে ইয়াবা ও ক্রিস্টাল মেথসহ ভয়াবহ মাদক এবং অস্ত্র চোরাচালানের ঝুঁকি প্রকট আকার ধারণ করেছে। মাদক ও চোরাচালান রোধে সরকার মিয়ানমার সীমান্তের ১০৮ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া (বর্ডার ফেন্সিং) নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ করেছে। বিজিবি জানায়, গত অক্টোবর মাসে কক্সবাজারের টেকনাফে ১টি বিদেশি পিস্তল, ১টি দেশীয় একনলা বন্দুক ও ২৫৪ রাউন্ড গুলি; ফেনীর ছাগলনাইয়ায় ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি এবং সিলেটের জৈন্তাপুরসহ সাম্প্রতিক অভিযানে ১০টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও ৪৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। সিলেটের জৈন্তাপুর সীমান্ত থেকে ৫০টি উচ্চক্ষমতাসম্পন্ন পাওয়ার জেল বিস্ফোরক, ৪৮টি ডেটোনেটর ও ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড উদ্ধার করা হয়েছে। সিলেটের কানাইঘাট থেকে ১৪টি পাওয়ার জেল ও ১৪টি ইলেকট্রিক ডেটোনেটর এবং টেকনাফ থেকে শতাধিক আইইডি তৈরির উপযোগী বিপুল বিস্ফোরক জব্দ করা হয়েছে। এছাড়া কুড়িগ্রাম, নাইক্ষ্যংছড়ি, নেত্রকোণা, উখিয়া ও টেকনাফ সীমান্তে পরিচালিত অভিযানে ৩ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ৬ কেজি গাঁজাসহ বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে। সংস্থাটি জানায়, কক্সবাজারের টেকনাফ উপজেলার সীমান্তবর্তী আদর্শগ্রাম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে শতাধিক আইইডি বোমা তৈরির বিপুল পরিমাণ বিস্ফোরক সরঞ্জামাদি, ১টি বিদেশি পিস্তল, ১টি দেশীয় একনলা বন্দুক ও ২৫৪ রাউন্ড গুলিসহ টেকনাফের নতুন পল্লানপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে মো. মেহেদী হাসান (১৯) এবং দক্ষিণ লেঙ্গুর বিল এলাকার মো. হোসেনের ছেলে মো. ইব্রাহিম (১৮)-কে আটক করা হয়েছে। এ সময় মালামাল পরিবহনে ব্যবহৃত ২টি ইজিবাইক ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। বিজিবি জানায়, গত ২১ নভেম্বর দিবাগত রাত ১০টার দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ টেকনাফের বটতলী থেকে পর্যটন এলাকার আদর্শগ্রাম হয়ে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের একটি বড় চালান পরিবহন করা হবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর পরিকল্পনা ও নির্দেশনায় আদর্শগ্রামসহ টেকনাফের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে আদর্শগ্রামের একটি কাঁচা রাস্তা দিয়ে আসা সন্দেহভাজন ২টি ইজিবাইককে থামার সংকেত দিলে চালকেরা জানান, ইজিবাইকে বহনকৃত মালামালগুলোর মালিক সামনে থাকা মোটরসাইকেলের আরোহীরা। পরবর্তীতে বিজিবি সদস্যরা মোটরসাইকেল আরোহীদের জিজ্ঞাসাবাদের জন্য এগিয়ে গেলে তারা মোটরসাইকেলযোগে পালানোর চেষ্টা করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি টহলদল শর্টগান দিয়ে সতর্কতামূলক ফাঁকা ফায়ার করে। একপর্যায়ে মোটরসাইকেলের আরোহীরা মোটরসাইকেলটি ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে আটক করা ২টি ইজিবাইক ব্যাটালিয়ন সদরে নিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বস্তার ভেতরে প্লাস্টিকের ড্রাম এবং এলপিজি গ্যাস সিলিন্ডারের অভ্যন্তরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় শতাধিক আইইডি বোমা তৈরির ধাতব কৌটা, ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১টি দেশীয় একনলা বন্দুক, ২৫৪ রাউন্ড গুলি, ৩ কেজি ৭০৯ গ্রাম প্লাস্টিক বিস্ফোরক, ৩ কেজি ১৭২ গ্রাম গান পাউডার, ১ কেজি ৮৫২ গ্রাম মোটা দানার বিস্ফোরক, ২ কেজি ৭০৮ গ্রাম মাঝারি দানার বিস্ফোরক, ২ কেজি ৪৯ গ্রাম মিহি দানার বিস্ফোরক, ১১ কেজি ৯০ গ্রাম স্টিলের ছোট বল, ৮ কয়েল বৈদ্যুতিক তার, ১ সেট উন্নতমানের টুল বক্স, ৫৪টি দিয়াশলাই বাক্স, ৩ কেজি পেরেক ও ২৪টি স্কচটেপ উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিদের জব্দকৃত আইইডি, অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্য, বোমা তৈরির সরঞ্জামাদি এবং সংশ্লিষ্ট যানবাহনগুলোর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর আগে, গত ১৪ নভেম্বর প্রকাশিত বিজিবির মাসিক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের গত অক্টোবর মাসে সীমান্তসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ২৭৩ কোটি ৩৭ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য ও মাদক জব্দ করা হয়েছে। জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে- ১টি সাবমেশিন গান (এসএমজি) ৬টি পিস্তল, ৫টি অন্যান্য আগ্নেয়াস্ত্র, ৭টি ম্যাগাজিন এবং ১২০ রাউন্ড গুলি। বিস্ফোরক সামগ্রী ১৯টি ককটেল (ক্রুড বোমা)। এছাড়া মাদকদ্রব্যের মধ্যে রয়েছে- ৪০ লাখ ৪৫ হাজার ৪১২ পিস ইয়াবা ট্যাবলেট, ৯৪১ গ্রাম হেরোইন, ৮ হাজার ৯৭ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ১,৫৬৪ কেজি গাঁজা, ১,২০১ বোতল ফেনসিডিল এবং ২ লাখ ৮৩ হাজার ৩৪৪টি অন্যান্য নেশাজাতীয় ট্যাবলেট। অপরাধ বিশ্লেষকদের মতে, অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির উল্লেখযোগ্য সংখ্যক প্লাটুন নিয়োজিত থাকায় সীমান্ত সুরক্ষায় বাড়তি চাপ তৈরি হচ্ছে। দেশের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ নিরাপত্তা অক্ষুণ্ন রাখতে সীমান্তে প্রযুক্তিনির্ভর নজরদারি বৃদ্ধি, স্থানীয় জনগণের সম্পৃক্ততা এবং প্রতিবেশী দেশগুলোর সাথে কার্যকর কূটনৈতিক তৎপরতা জোরদার করা এখন জরুরি। এ বিষয়ে জানতে চাইলে ঢাবি’র সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল ইসলাম বলেন, কেবল মাদক জব্দ বা খুচরা কারবারিদের গ্রেপ্তার করে সংকট সমাধান সম্ভব নয়; বরং সীমান্ত দিয়ে অবৈধ পণ্য ও মাদক প্রবেশের মূল পথগুলো স্থায়ীভাবে বন্ধ করতে হবে। সীমান্ত সুরক্ষায় গতানুগতিক পদ্ধতির পাশাপাশি আধুনিক ও প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা জোরদার ক তে হবে। সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে যারা চোরাচালান বা অপরাধ পরিচালনা করে, সেই সিন্ডিকেটের মূল হোতা এবং অর্থদাতাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। তিনি বলেন, সীমান্ত ও প্রবেশপথগুলোতে দায়িত্বরতদের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং রাজনৈতিক সদিচ্ছা নিশ্চিত না হলে অরক্ষিত সীমান্তের ঝুঁকি কমানো কঠিন হয়ে পড়বে। এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, দেশের অভ্যন্তরে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যের মজুত ও পরিবহন প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে টেকনাফ ব্যাটালিয়নের গোয়েন্দা নজরদারি, বিশেষ অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।