★ শর্তে ফেল করা শিক্ষার্থীরাও পাচ্ছেন জবি ভর্তি পরীক্ষার সুযোগ চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। আগামী ১ ডিসেম্বর ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের মধ্যদিয়ে সম্পূরক এই পরীক্ষা শুরু হচ্ছে। যা চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত। গতকাল বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা সম্পূরক পরীক্ষার রুটিন থেকে এ তথ্য জানা গেছে। এদিকে শর্তসাপেক্ষে ফেল করা শিক্ষার্থীরাও করতে পারবেন জবি ভর্তি পরীক্ষার আবেদন। মাউশি’র রুটিনে বলা হয়, সংশ্লিষ্ট সবার জন্য জানানো যাচ্ছে যে, উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি ও সমমান) সাপ্লিমেন্টারি পরীক্ষা ২০২৬ বর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে বলেও এতে উল্লেখ করা হয়েছে। প্রকাশিত রুটি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইংরেজি প্রথম পত্রের এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইংরেজি দ্বিতীয় পত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হবে। পাশাপাশি ২ ডিসেম্বর বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র, ৩ ডিসেম্বর পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা এবং ৫ ডিসেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া অন্যান্য বিষয়গুলোর পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী চলবে। সবশেষ আগামী ১৫ ডিসেম্বর অর্থনীতি ও আরবি বিষয়ের পরীক্ষার মাধ্যমে লিখিত পরীক্ষা শেষ হবে। এ ছাড়া ব্যবহারিক পরীক্ষাও ১৫ ডিসেম্বরের মধ্যেই শেষ করতে হবে। এর আগে, গত ৩১ অক্টোবর চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এ বছর এইচএসসিতে পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। সবমিলিয়ে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাস করেছে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৬ জন। তবে এক ও দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী। এর মধ্যে এক বিষয়ে ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। ফলাফল ঘোষণার দিনই দু’এক মাসের মধ্যেই অকৃতকার্য শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষা নেয়ার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন ও শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এরই ধারাবাহিকতায় আগামী ১ ডিসেম্বর থেকে অকৃতকার্য শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষা শুরু হচ্ছে। শর্তসাপেক্ষে ফেল করা শিক্ষার্থীরাও করতে পারবেন জবি ভর্তি পরীক্ষার আবেদন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে এইচএসসি ও সমমান পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য হয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীরাও শর্তসাপেক্ষে ভর্তি পরীক্ষার আবেদন করতে পারবেন। শর্ত অনুযায়ী, সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট ইউনিটের নির্ধারিত ভর্তি যোগ্যতা পূরণ করতে হবে তাদের। গত বুধবার উপাচার্যের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় অংশ নেয়া একাধিক শিক্ষক বিষয়টি নিশ্চিত করেছেন। সিদ্ধান্তের বিস্তারিত উল্লেখ করে গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের কথা রয়েছে। সভা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউনিটভিত্তিক ভর্তি যোগ্যতার শর্ত পূরণ সাপেক্ষে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ৩ অথবা ৩.৫ পাওয়া শিক্ষার্থীরা প্রাথমিকভাবে আবেদন করতে পারবেন। পরবর্তী সময়ে এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল প্রকাশিত হলে নির্ধারিত যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। তবে সাপ্লিমেন্টারি পরীক্ষায় পাস করলেও কোনো শিক্ষার্থী সংশ্লিষ্ট ইউনিটের নির্ধারিত যোগ্যতা অর্জন করতে না পারলে তার আবেদন বাতিল করা হবে। এ ক্ষেত্রে আবেদন ফি ফেরত দেয়া হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্রের ধারণা, আবেদন ফি অফেরতযোগ্য থাকতে পারে। সভায় উপস্থিত একটি অনুষদের ডিন বলেন, এইচএসসিতে যারা দুই বিষয়ে ফেল করেছেন, তারা যদি সাপ্লিমেন্টারি পরীক্ষায় পাস করতে পারেন, তাহলে তাদের ভর্তি পরীক্ষায় বসার সুযোগ রাখা হচ্ছে। নির্ধারিত শর্ত অনুযায়ী জিপিএ অর্জন করতে হবে। এসএসসিতে যাদের ইতোমধ্যে ৩ বা সাড়ে ৩ জিপিএ রয়েছে, তারা এ সুযোগ পাবেন। আবেদন করার পর চূড়ান্ত যোগ্যতা অর্জন করতে না পারলে ফি ফেরত দেয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে ওই ডিন জানান, এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ভর্তি পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে। একই তথ্য নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আরজুমন্দ আরা বানু বলেন, আগের ঘোষিত তারিখেই ভর্তি পরীক্ষা হবে। এইচএসসিতে দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থীরাও শর্তসাপেক্ষে আবেদনের সুযোগ পাবে। বিশ্ববিদ্যালয় থেকে বিষয়টি নিয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেয়া হবে। এর আগে গত বুধবার (১১ নভেম্বর) সকাল পৌনে ১০টায় উপাচার্যের কনফারেন্স কক্ষে ভর্তি পরীক্ষা সংক্রান্ত সভা শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, বিভিন্ন অনুষদের ডিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ভর্তি পরীক্ষার সময়সূচি বিশ্ববিদ্যালয়ের পূর্বঘোষিত সূচি অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি কার্যক্রমের অনলাইন আবেদন শুরু হবে ১৫ নভেম্বর দুপুর ১২টায়। আবেদন করা যাবে ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। পাঁচটি ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ইউনিট-এ, কলা ও আইন অনুষদভুক্ত ইউনিট-বি, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ইউনিট-সি, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ইউনিট-ডি এবং চারুকলা অনুষদভুক্ত ইউনিট-ই রয়েছে। ঘোষিত সূচি অনুযায়ী, ২০২৭ সালের ১ জানুয়ারি (শুক্রবার) ইউনিট-এ, ৮ জানুয়ারি (শুক্রবার) ইউনিট-ই, ১৫ জানুয়ারি (শুক্রবার) ইউনিট-বি, ২২ জানুয়ারি (শুক্রবার) ইউনিট-সি এবং ২৩ জানুয়ারি (শনিবার) ইউনিট-ডি-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সব ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষা হবে বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে।