প্রকাশ :: ... | ... | ...

৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা ও বৌদ্ধ বিহারে সম্মানী ভাতা দিচ্ছে সরকার


সংযুক্ত ছবি

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে দেশের ৮৬ হাজার ৭০৯টি মসজিদ, মন্দির, গির্জা ও বৌদ্ধ বিহারকে সরকারি সম্মানী কর্মসূচির আওতায় আনছে সরকার। চলতি ২০২৬-২৭ অর্থবছরে এ খাতে বরাদ্দ রাখা হয়েছে এক হাজার ১০০ কোটি টাকা। পর্যায়ক্রমে আগামী চার অর্থবছরের মধ্যে দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। দেশের ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত মোট ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় নেতা ও সেবাকর্মী এ সম্মানী সুবিধা পাবেন। আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সদরে প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিতীয় পর্যায়ের এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ বাংলাদেশ সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য মাসিক সম্মানী এবং প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক মর্যাদা ও অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে। জনপ্রশাসন উপদেষ্টা জানান, চলতি অর্থবছরে সম্মানী কর্মসূচির আওতায় আসা ৮৬ হাজার ৭০৯টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধ বিহার এবং ৩০১টি গির্জা। এসব প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকারী দুই লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় নেতা ও সেবাকর্মী এ সুবিধা পাবেন। নির্ধারিত কাঠামো অনুযায়ী, একজন মসজিদের ইমাম মাসে পাঁচ হাজার টাকা, মুয়াজ্জিন তিন হাজার টাকা এবং খাদেম দুই হাজার টাকা সম্মানী পাবেন। একইভাবে মন্দির, গির্জা ও বৌদ্ধ বিহারে দায়িত্ব পালনকারী ধর্মীয় ব্যক্তিরাও এ কর্মসূচির আওতায় সরকারি সহায়তা পাবেন। ইসমাইল জবিউল্লাহ বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক ধর্মীয় দায়িত্বশীল ব্যক্তি সীমিত আর্থিক সুবিধার মধ্যে দায়িত্ব পালন করেন। বিশেষ করে গ্রামীণ জনপদে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবাইত ও অন্যান্য ধর্মীয় সেবাকর্মীর নির্দিষ্ট আয়ের সুযোগ সীমিত। নিয়মিত সম্মানী দেওয়া হলে তাদের জীবনযাত্রায় কিছুটা স্বস্তি আসবে বলে সরকার আশা করছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের সম্মানী প্রদানের কার্যক্রম প্রথমবারের মতো পাইলট প্রকল্পের মাধ্যমে শুরু হয় চলতি বছরের ১৪ মার্চ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রাথমিক পর্যায়ে দেশের ৬ হাজার ১৭টি ধর্মীয় প্রতিষ্ঠানের ১৩ হাজার ৯৪৯ জন ধর্মীয় সেবাকর্মীকে এ কর্মসূচির আওতায় আনা হয়। তাদের মধ্যে ৪ হাজার ৬৮৩ জন ইমাম, ৪ হাজার ৩১২ জন মুয়াজ্জিন এবং অবশিষ্টরা খাদেমসহ অন্যান্য ধর্মীয় সেবাকর্মী।