★ হামে মৃত্যু বেড়ে ১১৬৪, একদিনে আক্রান্ত ১৪২১ ★ ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৩০৭, একদিনে আক্রান্ত ২১৬৭ রাজধানী ঢাকাসহ সারাদেশে ক্রমেই দীর্ঘ হচ্ছে হাম ও হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা। একই সঙ্গে পাল্লা দিয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে হাম ও হামের উপসর্গে এবং এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে কেউ না কেউ নতুন করে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। প্রনিনিয়তই হাম ও হামের উপসর্গের সঙ্গে সমানতালে চলছে প্রাণঘাতী ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই প্রাণঘাতী এ দুটি রোগে দীর্ঘ হচ্ছে লাশের সারি। দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ ও ডেঙ্গুর থাবায় ২ শিশুসহ প্রাণ ঝরল আরও ৬ জনের। এর মধ্যে হামের উপসর্গে ২ শিশু ও ডেঙ্গুজ্বরে ৪ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১১৬৪ জনে দাঁড়িয়েছে। এদের সবাই শিশু। গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী এ রোগে আক্রান্ত হয়েছে ১৪২১ জন। অপরদিকে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত এডিস মশাবাহিত ডেঙ্গেুজ্বরে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩০৭ জনে দাঁড়িয়েছে। এছাড়া একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১৬৭ জন। সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম ও ডেঙ্গু-বিষয়ক নিয়মিত পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক নিয়মিত প্রতিবেদনে বলা হয়েছে, দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি ১ হাজার ১৬৪ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া গত একদিনে নতুন করে ১ হাজার ৪২১ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা ও সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে মোট ২ জন মারা গেছেন। সবমিলিয়ে দেশজুড়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ১৬৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৬০ জনের মৃত্যু হয়েছে। এদিকে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১২ অক্টোবর পর্যন্ত ২ লাখ ৬ হাজার ২৯৭ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ২২ হাজার ৫৭৩ জনের হাম শনাক্ত হয়েছে।অন্যদিকে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের হাসপাতালগুলোয় মোট ১ লাখ ৮৩ হাজার ২২৬ জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এখন পর্যন্ত মোট ১ লাখ ৭৫ হাজার ৬৫৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদনে বলা হয়, দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা সম্প্রতি লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন দুই হাজার ১৬৭ জন। এর ফলে এবার মোট ভর্তি লাখ ছাড়িয়ে হয়েছে এক লাখ এক হাজার ৪৪২ জন। এছাড়া এডিস মশাবাহিত রোগটিতে একদিনে মারা গেছেন আরও চারজন। এ নিয়ে চলতি বছর মোট প্রাণহানি ৩০৭ জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে শুধুমাত্র ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) অঞ্চলে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে এই সময়ে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সবমিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩০৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ১৩৭ জন মারা গেছেন। এ ছাড়া ১১ অক্টোবরের হিসাবে খুলনা বিভাগে ৬০ জন, বরিশাল বিভাগে ২৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, ময়মনসিংহ বিভাগে ২৩ জন, রাজশাহী বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত আগস্ট মাসে দেশজুড়ে ডেঙ্গুতে ৪৩ জনের মৃত্যু হয়েছিল। এরপর সেপ্টেম্বর মাসজুড়ে ডেঙ্গুতে ১৪৮ জনের প্রাণহানি হয়। অক্টোবরের প্রথম ৯ দিনে সারাদেশে ডেঙ্গুতে মোট ৫০ জনের মৃত্যু হয়েছে।