প্রকাশ :: ... | ... | ...

ভালুকায় দুর্গাপূজার ৬৮ মণ্ডপে বিশেষ নিরাপত্তা, নজরদারিতে দুর্গম এলাকা


সংযুক্ত ছবি

ময়মনসিংহের ভালুকা উপজেলায় শারদীয় দুর্গাপূজা ঘিরে ৬৮টি পূজামণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ রাখতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশেষ করে উপজেলার দূরবর্তী, দুর্গম ও সীমান্তবর্তী এলাকার মণ্ডপগুলোতে বাড়তি নজরদারি রাখা হবে। এবার দেবী দুর্গার আগমন ঘটবে গজে (হাতি) চড়ে, আর বিদায় নেবেন নৌকায়। আগামী ১৬ অক্টোবর শুক্রবার ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। ২০ অক্টোবর মঙ্গলবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের এই উৎসব। বৈষম্যহীন বাংলাদেশ, রোগমুক্তি ও সব মানুষের শান্তি কামনায় এবার দেবী দুর্গার কাছে প্রার্থনা করবেন ভক্তরা। উৎসবকে সামনে রেখে উপজেলার বিভিন্ন মন্দিরে চলছে প্রতিমা সাজসজ্জা, মন্দির রং করা, আলোকসজ্জা ও সৌন্দর্যবর্ধনের কাজ। উৎসবের নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি নিয়ে ইতোমধ্যে স্থানীয় প্রশাসন, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের নেতারা এবং পূজামণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন। পূজার দিনগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শ্রী স্বপন বণিক জানান, ভালুকা পৌর এলাকায় ছয়টি এবং উপজেলার ১১টি ইউনিয়নে ৬২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এবার মণ্ডপগুলোতে গত বছরের তুলনায় সরকারি অনুদানের পরিমাণ বেড়েছে বলেও জানান তিনি। স্বপন বণিক বলেন, পৌর এলাকাসহ পুরো উপজেলায় হিন্দু ধর্মাবলম্বীরা প্রতিবছর শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপন করে আসছেন। এবারও এর ব্যতিক্রম হবে না বলে তাঁরা আশাবাদী। তবে উপজেলার সীমান্তবর্তী এলাকার কয়েকটি মণ্ডপে বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে। পূজা উদযাপন কমিটি ও প্রশাসন সমন্বিতভাবে এসব এলাকায় বিশেষ নজরদারি করবে। ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে। এসব বৈঠকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। দূরবর্তী ও দুর্গম এলাকার মণ্ডপগুলোতে বিশেষ নজরদারি রাখা হবে। তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় সব ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করবে।