★ নভেম্বরের ২৩ দিনে নাশকতার ২১৩ ঘটনায় নিহত ১ ★ পুলিশ-গোয়েন্দার পাশাপাশি টহলে বিজিবি-আনসার বাহিনী ★ ডিসেম্বর ঘিরে দেশজুড়ে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী “দেশকে অস্থিতিশীল করতে দুর্বৃত্তকারীরা নানা ইস্যুকে সামনে এনে বিশৃঙ্খলার চেষ্টা করবে। তবে সেগুলো প্রতিরোধ করতে এবং যেকোনো চ্যালেঞ্জ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও দায়িত্বশীল হতে হবে” — ড. তৌহিদুল হক, সমাজ ও অপরাধ বিশ্লেষক, ঢাকা বিশ্ববিদ্যালয় “নাশকতাকারী বিভিন্ন জায়গায় নাশকতা করছে। ডিসেম্বরকে কেন্দ্র করেও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের বক্তব্য আসছে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই” — লে. কর্নেল মো. হাফিজুর রহমান, অধিনায়ক, এসআরবি-৪ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে সংঘটিত সহিংসতা ও লগি-বৈঠার তাণ্ডবে জনমনে বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা। দেশকে অস্থিতিশীল করে তুলতে তৎপর রয়েছে বিশেষ একটি গোষ্ঠী। তাদের লালিত র্দুবৃত্তদের নজরে এখন সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা, থানা-ফাঁড়ি ও পুলিশসহ জুলাই স্মৃতিস্তম্ভ। দুর্বৃত্তরা কখনও শ্রমিক কখনও রিকশা চালকবেশে দাবি আদায়ে আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। গোপালগঞ্জের পর এবার গাজীপুরের টঙ্গীর গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকার একটি পুলিশ বক্সে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এছাড়া শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় দেশের রাজনৈতিক অঙ্গনও উত্তপ্ত হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে ডিসেম্বর ঘিরে দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যরা। বিভিন্ন স্থানে বাড়ানো হয়েছে তল্লাশি চৌকি। প্রবেশপথসহ অন্যান্য স্থানে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন যানবাহন ও পথচারীদের তল্লাশির পাশাপাশি গোয়েন্দা নজরদারি শুরু হয়েছে। পুলিশ ও এসআরবি’র সাথে সমন্বয় করে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে নেমেছে ১০১ প্লাটুন বিজিবি ও ৫৭ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, চলতি নভেম্বর মাসের প্রথম ২৩ দিনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল ও বোমা বিস্ফোরণ এবং পরিবহনে অগ্নিসংযোগের ২১৩টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। এসব ঘটনায় ৬২টি মামলা ও ২৭টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। গ্রেফতার করা হয়েছে ১০০ জনকে। অপরাধ বিশ্লেষকদের মতে, দেশকে অস্থিতিশীল করতে দুর্বৃত্তকারীরা নানা ইস্যুকে সামনে এনে বিশৃঙ্খলার চেষ্টা করবে। তবে সেগুলো প্রতিরোধ করতে এবং যেকোনো চ্যালেঞ্জ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও দায়িত্বশীল হতে হবে। তবে এসআরবি বলছে, নাশকতাকারী বিভিন্ন জায়গায় নাশকতা করছে। ডিসেম্বরকে কেন্দ্র করেও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের বক্তব্য আসছে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বভাবিক রাখতে এসআরবি নিয়মিত অভিযান চালাচ্ছে, অপরাধী গ্রেপ্তার করে আইনের আওতায় আনছে। খোঁজ নিয়ে জানা যায়, সাম্প্রতিক সময়ে রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ২৮টি জেলায় সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ড ব্যাপকভাবে বেড়েছে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক উত্তেজনা থেকে এই অস্থিরতার সূত্রপাত হয়। গত ১০ নভেম্বরের পর থেকে ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর, গাজীপুর ও চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে যাত্রীবাহী বাস ও ট্রাকে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এছাড়া গোপালগঞ্জে থানায় হামলা, সংসদ সদস্যদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং সারাদেশে গ্রামীণ ব্যাংকের অন্তত ৩৭টি শাখায় আগুন দেওয়ার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এসব সহিংস ঘটনায় এখন পর্যন্ত অন্তত চারজনের প্রাণহানি ঘটেছে। নাশকতা ও অস্থিতিশীলতা ঠেকাতে সরকার সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা রক্ষায় পুলিশ ও আনসারের পাশাপাশি ঢাকা ও ছয়টি জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ সদর দফতরের অপারেশন্স শাখার ‘নিষিদ্ধ দলের অপতৎপরতা ও নাশকতা সংক্রান্ত তথ্য’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল ও বোমা বিস্ফোরণের ১২১টি এবং পরিবহনে অগ্নিসংযোগের ৯৯টি ঘটনা ঘটেছে। নাশকতার পাশাপাশি নভেম্বরের প্রথম ২৩ দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭২টি ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ২২টি মামলা ও পাঁচটি সাধারণ ডায়েরি হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৬৬ জনকে। পুলিশের স্থাপনায় হামলা, গাড়িতে অগ্নিসংযোগ এবং স্থাপনা ও গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় ২১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সংক্রান্ত ঘটনায় একটি মামলা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে চার জনকে। সাম্প্রতিক নাশকতায় হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠেছে গ্রামীণ ব্যাংকও। দেশের বিভিন্ন এলাকায় ব্যাংকটির স্থাপনায় ককটেল ও বোমা বিস্ফোরণ এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশ সদর দফতরের প্রতিবেদনে গ্রামীণ ব্যাংকে নাশকতার মোট ৩৪টি ঘটনা উল্লেখ করা হয়েছে। এসব ঘটনায় হতাহতের কোনও তথ্য নেই। তবে আটটি মামলা ও ১৯টি সাধারণ ডায়েরি হয়েছে। গ্রেফতার করা হয়েছে আট জনকে। জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভেও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, নভেম্বরের প্রথম ২৩ দিনে এ ধরনের দুটি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় দুটি মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ১১ জনকে। পুলিশ সদর দফতরের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক নাশকতার ঘটনা পরিবহনে অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণের মধ্যে সীমাবদ্ধ নেই। পুলিশের স্থাপনা ও গাড়ি, আর্থিক প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক এবং জুলাই স্মৃতিস্তম্ভও হামলার লক্ষ্যবস্তু হয়েছে নাশকতাকারীদের কাছে। এদিকে বিজিবি জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট জেলাসমূহের গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদারের পাশাপাশি যেকোনও ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি এমন কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সচেষ্ট রয়েছেন। মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দফতরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে বিজিবি বদ্ধপরিকর। অন্যদিকে, আনসার বাহিনী বলছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা, রাষ্ট্রীয় সম্পদ ও গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষা এবং যেকোনও নাশকতা ও সহিংসতা প্রতিরোধে নিরাপত্তা কার্যক্রম জোরদার রেখেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা এবং বাহিনীর মহাপরিচালকের সুনির্দিষ্ট পরিকল্পনা মোতাবেক দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আনসার ব্যাটালিয়ন সদস্যরা নিরাপত্তা দায়িত্ব পালন করছেন। বর্তমানে ৯টি জেলায় মোট ৫৭ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছেন। সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তারা দিন-রাত পালাক্রমে দায়িত্ব পালন করছেন। আনসারের মিডিয়া বিভাগ থেকে এমন তথ্য জানানো হয়। আনসার সদর দফতর জানায়, সাম্প্রতিক সময়ে শিল্পাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ ও সড়ক অবরোধের প্রেক্ষাপটে নিরাপত্তা কার্যক্রমে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে দেশের অন্যতম প্রধান শিল্পাঞ্চল গাজীপুরে শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম সচল রাখা, শ্রমিক ও শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে আনসার ব্যাটালিয়ন সদস্যরা দায়িত্ব পালন করছেন। শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থান, টহল ও নজরদারির মাধ্যমে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছেন তারা। জেলা-ভিত্তিক মোতায়েনের মধ্যে গাজীপুরে ১৭ প্লাটুন, গোপালগঞ্জে ১৫ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া খুলনা, মাদারীপুর ও শরীয়তপুরে ৪ প্লাটুন করে এবং সাতক্ষীরা ও ময়মনসিংহে ২ প্লাটুন করে সদস্য মোতায়েন রয়েছেন। এসব জেলার শিল্পাঞ্চল, প্রশাসনিক ভবন, গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক ও জনসমাগমস্থলে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। মোতায়েনকৃত সদস্যরা সংশ্লিষ্ট রেঞ্জ উপমহাপরিচালক, জেলা কমান্ড্যান্ট ও ব্যাটালিয়ন অধিনায়কদের তত্ত্বাবধানে দায়িত্ব পালন করছেন। নিয়মিত টহল, গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান, মোবাইল টিম পরিচালনা এবং প্রয়োজনীয় নজরদারির মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় বজায় রেখে যেকোনও জরুরি পরিস্থিতি মোকাবিলায় সদা তৎপর রয়েছে। এছাড়া, গতকাল মঙ্গলবার রাজধানীর কাওরান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৪)-এর পদাতিক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ডিসেম্বরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের বক্তব্য ছড়ানো হলেও নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি নিয়ে দেশবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই। তিনি বলেন, কিছুদিন আগে শ্রমিকরা বেতন বৃদ্ধির জন্য দাবি-দাওয়া উপস্থাপন করেছেন। এ পর্যন্ত আন্দোলন যৌক্তিক। কিন্তু এই আন্দোলনের আড়ালে কিংবা আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে কিছু নাশকতাকারী বিভিন্ন জায়গায় নাশকতা করছে। ডিসেম্বরকে কেন্দ্র করেও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের বক্তব্য আসছে। যারা ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের নাশকতা করছে, তাদের এবং এসব ঘটনায় সম্পৃক্ত বেশ বড় সংখ্যক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। নাশকতা প্রতিরোধে সাধারণ জনগণকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। স্থানীয় জনগণকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। কারণ, অনেক নাশকতাকারীকে সাহসী জনগণ নিজেরাই পুলিশের কাছে সোপর্দ করেছেন। এসব বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বলেন, দেশকে অস্থিতিশীল করতে দুর্বৃত্তকারীরা নানা ইস্যুকে সামনে এনে বিশৃঙ্খলার চেষ্টা করবে। তবে সেগুলো প্রতিরোধ করতে এবং যেকোনো চ্যালেঞ্জ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও দায়িত্বশীল হতে হবে। কেবল ককটেল বহনকারী বা আগুন দেওয়া ব্যক্তিকে গ্রেপ্তার করাই যথেষ্ট নয়। বিস্ফোরক তৈরির স্থান, সরবরাহের পথ, অর্থের উৎস এবং নেপথ্যের নির্দেশদাতাদের শনাক্ত করা জরুরি। তিনি বলেন, রাজনৈতিক আনুগত্য, ব্যক্তিগত স্বার্থ বা অপরাধী চক্রের সঙ্গে যোগসাজশের কারণে যেসব পুলিশ সদস্য দায়িত্বে অবহেলা করছেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। তবে কোনো প্রমাণ ছাড়া ঢালাওভাবে সবাইকে সন্দেহ করলে সৎ ও দক্ষ কর্মকর্তাদের মনোবল ভেঙে যেতে পারে; তাই স্বচ্ছ ও প্রাতিষ্ঠানিক যাচাই-বাছাই প্রয়োজন। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, গোয়েন্দা তথ্যে ভিত্তিতে নতুন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিস্ফোরকসহ আটকদের তথ্যের ভিত্তিতে নাশকতার পরিকল্পনাকারী ও অর্থদাতাদের শনাক্তে ডিজিটাল ও আর্থিক লেনদেন খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সদর দপ্তর (এআইজি মিডিয়া) কামরুন মুনিরা জানান, পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং আইনশৃঙ্খলা বিঘ্নিত করার যেকোনো চেষ্টার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আইজিপি মো. আলী হোসেন ফকির জানান, পুলিশ আইন অনুযায়ী পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। তিনি জনগণকে কোনো ধরনের ষড়যন্ত্র, গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন।