আওয়ামী লীগের ধারাবাহিক পেট্রোল বোমা নিক্ষেপ, আগুন সন্ত্রাস, নিরীহ মানুষ পুড়িয়ে হত্যা, থানায় অগ্নিসংযোগ, একজন সংসদ সদস্যের বাড়িতে আগুন এবং অসংখ্য রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলেছে, আওয়ামী লীগের ধারাবাহিক অগ্নিসন্ত্রাস ও গ্রামীণ ব্যাংকের ওপর সিরিজ হামলা কঠোরভাবে দমন করতে হবে। বুধবার (১৮ নভেম্বর) রাতে দলের পাঠানো এক বিবৃতিতেি এ ক্ষোভ প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার কাছে পরাজিত ও বিতাড়িত হয়ে আওয়ামী লীগ এখন দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, এই পুরো সন্ত্রাসবাদী ও নাশকতামূলক কার্যক্রমের পরিকল্পনা, অর্থায়ন এবং পরিচালনা সরাসরি ভারতে অবস্থানের মাধ্যমে সম্ভব হচ্ছে। ভারতে আশ্রয়প্রাপ্ত এবং ভারতীয় মদদে থাকা আওয়ামী লীগের পলাতক শীর্ষ নেতাদের অনলাইনে দেওয়া প্রকাশ্য নির্দেশেই দেশের ভেতরে এই নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, সন্ত্রাসীদের এই ধ্বংসযজ্ঞ থেকে দেশের একমাত্র নোবেল পুরস্কার জয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকও রেহাই পাচ্ছে না। প্রতিষ্ঠানটির অন্তত ৩৭ শাখায় সিরিজ সন্ত্রাসবাদী হামলা চালিয়ে দেশের অর্থনীতি ও আন্তর্জাতিক ভাবমূর্তিকে ক্ষুণ্ন করার গভীর ষড়যন্ত্র চলছে। দরিদ্র নারীদের ক্ষুদ্রঋণ দেওয়ার এই সংস্থাটি বাংলাদেশের সম্পদ। এ ধরনের হামলা ও আগুন দেওয়ার ঘটনায় দেশের দরিদ্র পরিবারগুলো সরাসরি ভুক্তভোগী হচ্ছে। পাশাপাশি বৈশ্বিক দাতা সংস্থা ও বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর কাছে বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নেই— এমন অশুভ বার্তা যাচ্ছে।