দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের জামিন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিন দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ড শেষে এমপি গাজী নজরুল ইসলামকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে ডিবি পুলিশ। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। একপর্যায়ে শুনানি শেষে বিচারক এমপি গাজী নজরুল ইসলামের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) একই আদালতের বিচারক রিপন হোসেন শেরেবাংলা নগর থানায় করা আত্মহত্যার প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল ইসলামকে দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে দিয়েছিলেন। তারও আগে গত ২১ সেপ্টেম্বর এ মামলায় গাজী নজরুল ইসলামের ৪ দিনের এবং তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমের একদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের উল্টো পাশের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওইদিন রাতেই গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা বেগমকে হেফাজতে নেয় পুলিশ। সেই সঙ্গে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে এমপি গাজী নজরুল ইসলাম, প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং নিহতের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ। আলোচিত এ মামলায় গত ২১ সেপ্টেম্বর আদালতে তোলা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এহসানুল ইসলামের আদালত এমপি গাজী নজরুল ইসলামের ৪ দিন এবং তার প্রথম স্ত্রী মাকছুদা বেগমের একদিনের রিমান্ড মঞ্জুর করেন। এ ছাড়া গত ২৩ সেপ্টেম্বর এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে নিহত মরিয়মের মামা ওবায়দুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।