প্রকাশ :: ... | ... | ...

দেশজুড়ে নাশকতার শঙ্কা


সংযুক্ত ছবি

* যানবাহনে আগুন-ককটেল বিস্ফোরণ, সতর্ক পুলিশ * যান চলাচলে মালিক সমিতির জরুরি নির্দেশনা * বাসে আগুন ও ককটেল ফোটানোয় গ্রেপ্তার ৫ * পথে পথে চেক পোস্ট বসিয়ে পুলিশের তল্লাশি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হঠাৎ করেই বেড়ে গেছে যাত্রীবাহী বাসে আগুন দেওয়া ও নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে ককটেল বিস্ফোরণের ঘটনা। এতে দেশজুড়ে নাশকতার শঙ্কায় জনমনে উদ্বেগ বাড়ছে। গণপরিবহনসহ অন্যান্য যানে আগুনের ঘটনায় পরিবহন চালক ও হেলপারদের সতর্কতার সঙ্গে চলাচলের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে মালিক সমিতি। ইতোমধ্যে বাসে আগুন দেওয়ার চেষ্টা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর থেকে সড়কে যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে পথে পথে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও যাত্রীদের তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুলিশ বলছে, পতিত আওয়ামী লীগের হাই কমান্ডের নির্দেশে জনমনে আতঙ্ক ছড়াতে তৃণমূলের নেতাকর্মীরা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল বের করছে, একই সঙ্গে নাশকতার চেষ্টায় যানবাহনে আগুন দিচ্ছে, পথে পথে ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে। তবে নৈরাজ্য ঠেকাতে সর্বোচ্চ সতর্ক রয়েছে পুলিশ। পুলিশসহ সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে রাজধানীর শাহবাগ থানাধীন হাইকোর্টের প্রধান ফটকের সামনের সড়কে হঠাৎ করেই বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর প্রায় একই সময় রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনেও আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই এলাকায় সাময়িকভাবে আতঙ্ক ও উত্তেজনার সৃষ্টি হয়। বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম জানান, দুপুর সোয়া ১টার দিকে হাইকোর্টের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রায় একই সময়ে শিল্পকলা একাডেমির সামনেও একটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। ঘটনাগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ ও তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি। তবে তাৎক্ষণিকভাবে এসব বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, কিংবা বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। বিস্ফোরণের পর সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে কি না, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এদিকে রোববার (২০ সেপ্টেম্বর) সাড়ে ৭টার দিকে রাজধানীর পল্লবী এলাকার সিরামিক রোডে পরিস্থান পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরিস্থান পরিবহনের মালিক খান মো. মহিতুল ইসলাম বলেন, সকাল সাড়ে সাতটার দিকে আমার সাবেক ড্রাইভার ফোন করে আমাকে জানায় পরিস্থান বাসটিতে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আমার বাসটি পুড়ে গেছে। এ বিষয়ে জানতে চাইলে মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার বলেন, সকালে বৃষ্টির মধ্যে সিরামিক রোডের সরকারি কলেজের পাশে পরিস্থান পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল সোয়া ৭টার থেকে সাড়ে সাতটার মধ্যে পরিস্থান পরিবহনের একটি বাস পার্কিং করা অবস্থায় এই আগুনের ঘটনা ঘটে। কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, রাজধানীর পুরান ঢাকার লালবাগের আজিমপুর মেটানির ওভারব্রিজের নিচে রাখা একটি ভিআইপি বাসে আগুন দেয়ার চেষ্টাকালে আমিনুল ইসলাম শাওন (৪০) নামে একজনকে আটক করেছে লালবাগ থানা পুলিশ। গত শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে তাকে আটক করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, আজিমপুর মেটানির ওভারব্রিজের নিচে রাখা ভিআইপি বাসে আগুন দেয়ার চেষ্টা করে আমিনুল ইসলাম শাওন। পরে বিষয়টি বাসের স্টাফ ও স্থানীয় লোকজনের নজরে এলে তারা ঘটনাস্থলে উপস্থিত হন। একই সময়ে টহলরত পুলিশ সদস্যরাও সেখানে পৌঁছে তাকে আটক করেন। আটকের সময় উত্তেজিত জনতা তাকে মারধর করলে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। তিনি জানান, আটক আমিনুল ইসলাম শাওনকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়ার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্যদিকে, গত শনিবার দিবাগত মধ্যরাতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুনের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাসটির নাম ‘নিউ ক্লাসিক্যাল’ (ঢাকা মেট্রো-ব-১৪-৯১২৪)। গাড়িটি রাজবাড়ী মালিক সমিতির আওতাধীন এবং দৌলতদিয়া-কুষ্টিয়া রুটে নিয়মিত চলাচল করতো। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে বাসটি দৌলতদিয়া বাস টার্মিনালে পার্কিং করা ছিলো। রাত একটার দিকে হঠাৎ বাসটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে বাসটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পাশাপাশি আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, দুষ্কৃতকারীরা ইচ্ছা করে বাসটিতে আগুন লাগিয়ে দিতে পারে। আবার বাসের ভেতরে জ্বালানো মশার কয়েল থেকেও আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে মনে করছেন অনেকে। তবে কোনো ধারণার পক্ষেই এখনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, বাসে আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে। এর আগে, গত শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর, রাজধানীর মিরপুর-১১, মিরপুর-১ নম্বরে দুই বাসে আগুন দেয়া ও যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জানা যায়, ঢাকা-মাওয়া মহাসড়কের ইনকামিং লেনে যাত্রাবাড়ী চৌরাস্তার সামাদ সুপার মার্কেটের সামনে চারটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় বিল্লাল নামে এক রিকশাচালক আহত হয়েছেন। পুলিশ জানায়, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা সেখানে চারটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় রিকশাচালক মো. বিল্লাল আহত হন। ঘটনার পর আহত বিল্লালকে যাত্রাবাড়ী থানায় নেয়া হয়েছে। এরপর তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হবে। এর আগে শুক্রবার রাজধানীর অন্তত আটটি স্থানে ১৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই দিন রাত ১০টার দিকে কাফরুল থানার সামনে একটি ফাঁকা বাসে আগুন দেয়ার ঘটনাও ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, গত শুক্রবার জুমার নামাজ শেষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিলের চেষ্টা চালিয়ে আসছেন। সর্বশেষ ১১ সেপ্টেম্বর দুপুরে গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কয়েক শ নেতা-কর্মী জড়ো হয়ে ঝটিকা মিছিল বের করেন। একপর্যায়ে তারা গুলশান ও আশপাশ এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটান। এদিকে গণপরিবহনসহ সব ধরনের যান চলাচল নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে মালিক সমিতি। গণমাধ্যমে পাঠানো বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপরিবহনসহ সব ধরনের যানবাহন ও পণ্য পরিবহনের নিরাপত্তার স্বার্থে সড়কের দুই পাশে বা নির্জন স্থানে গাড়ি পার্ক না করার আহ্বান জানানো হচ্ছে। বিজ্ঞপ্তিতে ঢাকাসহ সারা দেশে চলাচলকারী সব ধরনের যানবাহন ও পণ্য পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি নির্দেশনা দেয়া হয়। এতে সমিতির মহাসচিব মো. সাইফুল আলম বলেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত ক্ষতিসাধন বা ভাঙচুর এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো অবস্থাতেই পরিবহনগুলো রাস্তার দুই পাশে অথবা অনিরাপদ ও নির্জন স্থানে পার্ক করা যাবে না। এ ছাড়া সব যানবাহন চলাচল শেষে বাধ্যতামূলকভাবে নিজ নিজ ডিপো, নির্ধারিত গ্যারেজ অথবা টার্মিনালে নিরাপদ পাহারায় রাখার জন্য মালিক ও শ্রমিকদের নির্দেশনা দেয়া হয়েছে। পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে কার্যকর করার আহ্বান জানানো হয়। অন্যদিকে, রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির ঘটনায় মূল অপরাধীসহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ। গ্রেফতারকৃত এক আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে লালবাগ থানা এলাকা থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- মো. রায়হান উদ্দিন (৩৫), রাসেল খান (৩২), আলা উদ্দিন (২৮) ও আব্দুল্লাহ (২৮)। ডিবি ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টায় যাত্রাবাড়ী থানার সামনে পাকা সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একজন সাধারণ পথচারী গুরুতর আহত হন। ঘটনার পর যাত্রাবাড়ী থানা পুলিশের পাশাপাশি ডিবি ওয়ারী বিভাগ ছায়া তদন্ত শুরু করে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়। একপর্যায়ে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বংশাল থানা এলাকায় অভিযান পরিচালনা করে রায়হান উদ্দিনকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগের একটি আভিযানিক দল। পরে গ্রেফতারকৃত রায়হান উদ্দিনকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য মতে ২০ সেপ্টেম্বর রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে লালবাগ থানাধীন জেন সাহা রোডের একটি ১০ তলা ভবনের নিচতলার পার্কিং এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পার্কিংয়ের মাঝের একটি পিলারের পাশে ইটের সুড়কির বস্তার মধ্য থেকে লাল রঙের কসটেপ দিয়ে মোড়ানো চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। পরবর্তীতে ডেমরা থানাধীন ডগাইর এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত আরও তিনজনকে গ্রেফতার করা হয়। ডিবি আরও জানায়, গ্রেফতারকৃত রায়হান উদ্দিন এর আগেও মতিঝিল থানার একটি মামলায় গ্রেফতার হয়ে দীর্ঘদিন হাজতবাসের পর জামিনে বেরিয়ে পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হয়। গ্রেফতারকৃতরা একটি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের সক্রিয় সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে ডিবি ও থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ডিএমপির ওয়ারী বিভাগের ডিসি মোল্লা মো. শাহীন জানান, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে জনমনে বিভ্রান্তি ও আতঙ্ক ছড়াতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হাইকমান্ডের নির্দেশে দেশজুড়ে নাশকতার অপচেষ্টায় ঝটিকা মিছিল, গোপন বৈঠক, গণপরিবহনে আগুন ও ককটেল বিস্ফোরণে ঘটনা ঘটানো হচ্ছে। তবে যেকোনো ধরণের বিশৃঙ্খলা, নৈরাজ্য ঠেকাতে সর্বোচ্চ সতর্ক প্রহরায় রয়েছে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা। ইতোমধ্যে নগরীর প্রবেশ পথগুলোতে তল্লাশি চৌকি বসিয়ে সন্দেহভাজনদের যানবাহন ও যাত্রীদের থামিয়ে তল্লাশি অভিযান শুরু হয়েছে। নাশকতাকারীদের ধরতে পুলিশি অভিযান আরও জোরদার করা হয়েছে। এদিকে পুলিশ সদর দপ্তরের ডিআইজি পদমর্যাদার একাধিক কর্মকর্তা জানান, দেশজুড়ে সহিংসতা বা নাশকতা ঠেকাতে দেশের সব বিভাগীয় শহর ও জেলা-উপজেলায় নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সদর দপ্তর থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় রাজধানী ঢাকায় ২ শতাধিক চেকপোস্টসহ সারা দেশে সহস্রাধিক চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান শুরু হয়েছে। সন্দেহভাজনদের ওপর বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও। যে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা প্রস্তুত রয়েছে বলেও জানান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উল্লেখ্য, গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এ রায়ের কয়েক ঘণ্টা পর সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে ওই দিন রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশে এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করতেই রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে বলে জানিয়েছে পুলিশ।