সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে চিকিৎসা শেষে প্রায় সাড়ে ৫ মাস পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। বুধবার (২ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টায় তাকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে, মালয়েশিয়ায় স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে বহনকারী ফ্লাইটটি কুয়ালালামপুর বিমানবন্দর ত্যাগ করে। তার সঙ্গে ছিলেন স্ত্রী আফরোজা আব্বাস। রাতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। উল্লেখ্য, গত ১১ মার্চ সন্ধ্যায় শাহজাহানপুরে নিজের বাসভবনে ইফতারের পানি পান করার সময়ে হঠাৎ জ্ঞান হারান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। তাৎক্ষণিক তাকে সুস্থ করে তোলার চেষ্টা করা হয়। কিন্তু অবস্থার অবনতি ঘটলে গভীর রাতেই তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরদিনই নিউরো বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল টিম তার মস্তিষ্কে অস্ত্রোপচার করে। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় সিঙ্গাপুরে। জরুরি প্রয়োজনীয় চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা এক মাসের চিকিৎসায় তিনি অনেকটাই সুস্থ্য হয়ে ওঠেন। পরে চিকিৎসকদের পরামর্শে গত ১৪ এপ্রিল তাকে ভর্তি করা হয় মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে। সেখানে এতদিন তার ফিজিওফেরাপি চলছিল। প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।