প্রকাশ :: ... | ... | ...

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার


সংযুক্ত ছবি

চলতি ২০২৬-২৭ অর্থবছরের আমন মৌসুমে ৩ লাখ মেট্রিক টন ধান এবং ৫ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। সংগ্রহ করা চালের মধ্যে ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল রয়েছে। প্রতি কেজি ধানের সংগ্রহমূল্য ৩৫ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। উল্লেখ্য, গত বছর সরকার প্রতি কেজি ৫০ টাকায় সিদ্ধ চাল, ৪৯ টাকায় আতপ চাল এবং ৩৪ টাকায় ধান কিনেছিল। সে বছর ১ লাখ ৫৩ হাজার মেট্রিক টন ধান এবং ৯ লাখ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছিল। সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচনি ইশতেহার ২০২৬’-এর প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো বৈষম্যহীন অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন। সেই লক্ষ্যে একটি কৃষককেন্দ্রিক আধুনিক কৃষিব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে। ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণ এবং খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য সুনিশ্চিত করাকেই এই সংগ্রহ অভিযানের মূল চালিকাশক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানান মন্ত্রী।