মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীণ জলাভূমিতে মাছের উৎপাদন বৃদ্ধি ও দেশীয় মাছের প্রজনন এবং জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনা মাছ অবমুক্ত করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ভূঞাপুর-গোপালপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। এ সময় উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. রিমা আক্তার, সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু এবং উপজেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। পোনা মাছ অবমুক্তকালে অতিথিরা বলেন, জলাশয়ে পরিকল্পিতভাবে মাছের পোনা অবমুক্ত করা হলে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। পাশাপাশি জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ ও সাধারণ মানুষের জন্য মাছের সহজলভ্যতা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, প্রাকৃতিক জলাশয় সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করার ওপরও গুরুত্বারোপ করা হয়।