‘মাছ চাষে সমৃদ্ধি, নিরাপদ মাছে পুষ্টি’—এমন নানা বার্তা সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন রায়গঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মো. ফরিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো. সামছুল ইসলাম, সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মো. মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মো. আব্দুল আলীম, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. রশিদ আল মামুন খান, উপজেলা যুবদলের সভাপতি মো. আব্দুর রাজ্জাক রানা ও রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, মৎস্য খাত শুধু মানুষের আমিষ ও পুষ্টির চাহিদা পূরণ করছে না, একই সঙ্গে গ্রামীণ কর্মসংস্থান ও অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ খাতকে আরও এগিয়ে নিতে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ, নিরাপদ মাছ উৎপাদন এবং দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা আরও বলেন, নির্বিচারে জলাশয় ভরাট ও মাছের প্রজননক্ষেত্র নষ্ট হওয়া ঠেকাতে স্থানীয়ভাবে সচেতনতা বাড়ানো প্রয়োজন। প্রাকৃতিক জলাশয় ও দেশীয় মাছের আবাসস্থল রক্ষায় মৎস্যচাষি, জেলে ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়। আলোচনা সভা শেষে মৎস্যচাষে অবদান রাখা ব্যক্তি ও সংশ্লিষ্টদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য বিভাগের কর্মকর্তা, মৎস্যচাষি, মৎস্যজীবী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।