প্রকাশ :: ... | ... | ...

হাইমচরে শতকোটির সুপারি বাণিজ্য


সংযুক্ত ছবি

চাঁদপুরের হাইমচরে বিপুল পরিমাণ জমিতে এখন সুপারি চাষাবাদ হচ্ছে। কৃষকরা বছরজুড়ে এ চাষাবাদ করে ভাল টাকা আয় করছেন। কৃষি বিভাগ বলছে এখানে প্রতি বছর প্রায় শতকোটি টাকার সুপারি উৎপাদন হচ্ছে। যা স্থানীয় ব্যবসায়ীদের হাত ধরে চলে যাচ্ছে সারা দেশের বাজারে। সুপারি এখনকার গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। জানা যায়,৬টি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলায় ৫ হাজার ১৫২ হেক্টর আবাদি জমির মধ্যে ৫২৮ হেক্টর জমিতে সুপারির আবাদ হয়। হাইমচরের মেঘনার পূর্ব পাড়ের গ্রামগুলোতে বাড়ি, বাগান ও পানের বরজের চারপাশজুড়ে রয়েছে সুপারিগাছ। অনেক বাড়িতেই সুপারিগাছ পারিবারিক সম্পদের অংশ হয়ে উঠেছে। চরাঞ্চল হওয়ায় এ এলাকার মানুষের জীবিকার অন্যতম প্রধান অবলম্বন কৃষি। আর সুপারি সেই কৃষিনির্ভর অর্থনীতিতে যুক্ত করেছে বাণিজ্যিক সম্ভাবনা। চাঁদপুরের মেঘনাপাড়ের উপজেলা হাইমচরের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে সুপারি। এ খাতকে ঘিরে গড়ে উঠেছে বিস্তৃত পাইকারি ও খুচরা বাণিজ্য। কৃষক ও ব্যবসায়ীদের হিসাবে, হাইমচরে বছরে প্রায় ১০০ কোটি টাকার সুপারি কেনাবেচা হয়। এতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জীবিকা নির্বাহ করছেন কয়েক হাজার মানুষ। বাংলা সনের ভাদ্র ও আশ্বিন মাসে সুপারির ফলন ও বেচাকেনা সবচেয়ে বেশি হয়। এ সময় উপজেলার বিভিন্ন বাজার ও সড়কের পাশে কৃষকদের কাছ থেকে সুপারি সংগ্রহ করেন পাইকারি ব্যবসায়ীরা। পরে এসব সুপারি নিয়ে যাওয়া হয় উপজেলার বৃহত্তম পাইকারি সুপারির আড়ত হাওলাদার বাজারে। সেখানে ১০ থেকে ১৫ জন বড় পাইকারি ব্যবসায়ী রয়েছেন। তাঁরা স্থানীয়ভাবে সংগৃহীত সুপারি কিনে দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীদের কাছে সরবরাহ করেন। স্থানীয় কিছু ব্যবসায়ী কাঁচা সুপারি কিনে পানিতে ভিজিয়ে সংরক্ষণ করেন। মৌসুম শেষে এসব সুপারি রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়। ফলে মৌসুমি উৎপাদন হলেও সুপারি বাণিজ্য চলে বছরজুড়ে। স্থানীয় খুচরা পান বিক্রেতারাও এ সরবরাহব্যবস্থার মাধ্যমে সারা বছর সুপারি বিক্রির সুযোগ পান। তবে স্থানীয় উৎপাদক ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় বিদেশ থেকে সুপারি আমদানি বন্ধের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। চরপোড়ামুখী গ্রামের কৃষক দাদন মিয়া বলেন, আশ্বিন থেকে অগ্রহায়ণ মাস পর্যন্ত সুপারির ফলন ও বিক্রি বেশি হয়। প্রতিবছর বাড়ির বাগানে উৎপাদিত সুপারি বিক্রি করে তিনি লাখ টাকার বেশি আয় করেন। তবে চলতি বছর উৎপাদন কম হওয়ায় প্রায় ৭০ হাজার টাকার সুপারি বিক্রি করতে পেরেছেন। হাওলাদার বাজারের সুপারি ব্যবসায়ী রফিকুল ইসলাম কাজী বলেন, চলতি বছর সুপারির বাজারদর তুলনামূলক ভালো। বর্তমানে ৮০টি সুপারি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ২০০ টাকায়। শুকনা সুপারি প্রতি কেজি ৩৮০ থেকে ৪১০ টাকা। এ ছাড়া নারিকেল প্রতি জোড়া বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। তাঁর দাবি, হাওলাদার বাজারসহ উপজেলার বিভিন্ন বাজারে বছরে ১০০ কোটি টাকার বেশি সুপারি কেনাবেচা হয়। গন্ডামারা গ্রামের বাসিন্দা মানিক শিকদার বলেন, হাইমচরে সুপারির ভালো উৎপাদন হলেও ভবিষ্যৎ নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। নতুন করে সুপারিগাছ রোপণের প্রবণতা কমে যাচ্ছে। অনেকেই পুরোনো বাগান কেটে সেখানে বাড়িঘর ও অন্যান্য স্থাপনা নির্মাণ করছেন। এতে দীর্ঘ মেয়াদে উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তিনি বলেন, হাইমচরের সুপারি বাণিজ্য টিকিয়ে রাখতে সরকারি সহযোগিতা প্রয়োজন। বিদেশ থেকে সুপারি আমদানি করা হলে স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা প্রতিযোগিতায় ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই দেশীয় উৎপাদকদের স্বার্থ বিবেচনায় নিয়ে এ বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপ চান তাঁরা। হাইমচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাকিল খন্দকার বলেন, সুপারি এ উপজেলার জন্য একটি লাভজনক কৃষিপণ্য। বছরজুড়েই এ ফসলের আবাদ, সংগ্রহ ও বিক্রির কার্যক্রম চলে। চলতি বছর কৃষকেরা সুপারির ভালো দাম পাচ্ছেন। কৃষকেরা যাতে স্বাভাবিকভাবে সুপারি চাষ ও উৎপাদন কার্যক্রম চালিয়ে যেতে পারেন, সে জন্য উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে।