ময়মনসিংহের হালুয়াঘাট থানা ভবনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কক্ষ ও অবকাঠামো পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান। এ সময় তিনি দ্রুত ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কার করে থানার স্বাভাবিক দাপ্তরিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা দেন। রোববার (২২ নভেম্বর) রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে হালুয়াঘাট থানা ভবনের নিচতলায় জুনিয়র সেরেস্তা ও পাশের একটি স্টোররুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে সৃষ্ট ক্ষয়ক্ষতির সার্বিক চিত্র সরেজমিনে দেখতে ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান থানা প্রাঙ্গণ পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক দল এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিশেষজ্ঞ দল উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে ডিআইজি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কক্ষগুলো ঘুরে দেখেন এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি তাঁদের মনোবল অটুট রাখার পাশাপাশি সার্বিক খোঁজখবর নেন। থানার কার্যক্রম যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এ সময় তিনি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পরিদর্শনকালে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর (রুবেল), ময়মনসিংহের পুলিশ সুপার কামরুল হাসান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।