গত একদিনে নতুন করে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৯ জন । ছবি: সংগৃহীত
দেশজুড়ে হাম ও হামের প্রাদুর্ভাবের মধ্যেই এবার চোখ রাঙাচ্ছে মশাবাহিত প্রাণঘাতী ডেঙ্গু। সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত এ রোগটিতে মোট প্রাণহানি বেড়ে ৮২ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে, গত একদিনে নতুন করে ৮৩৯ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ৪ জন মারা গেছেন। পাশাপাশি এই সময়ে ময়মনসিংহ বিভাগে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি (২৮৭ জন) ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ১৫৯ জন ছাড়াও বরিশাল বিভাগে ১১৭, চট্টগ্রাম বিভাগে ১০০, ময়মনসিংহ বিভাগে ৭৯, রাজশাহী বিভাগে ৭১, রংপুর বিভাগে ২৩ এবং সিলেট বিভাগে ডেঙ্গু নিয়ে ৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ৯২৯ জনে। এছাড়া দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ১ হাজার ৯৫১ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন আছেন। চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে মোট ২৬ হাজার ৮৯৬ জন ছাড়পত্র পেয়েছেন। সবমিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে রোববার (২৩ আগস্ট) পর্যন্ত সারা দেশে প্রাণঘাতী মশাবাহিত ডেঙ্গুতে মোট ৮২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ৩৯ জন মারা গেছেন। এ ছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ১৬ জন ছাড়াও বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ৮ জন করে ১৬ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ৪ জন এবং রংপুর ও সিলেট বিভাগে ডেঙ্গুতে একজন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে।