সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি হৃদয়বিদারক ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে, যা নাড়া দিয়েছে লাখো মানুষের বিবেককে। চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বেঁধে রাখা এক ক্ষুধার্ত বাবার মুখে পরম মমতায় চা-রুটি তুলে দিল তার ছোট্ট কন্যাসন্তান। অমানবিকতার মাঝেও পিতৃস্নেহ ও সন্তানের ভালোবাসার এই নির্মম দৃশ্যটি ঘটেছে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল বাজারে। স্থানীয় সূত্রে জানা গেছে, অনিক সরদার নামের ওই যুবককে চুরির চেষ্টার অভিযোগে গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে বামরাইল বাজারের স্থানীয় ব্যবসায়ীরা আটক করেন। পরে তাকে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে ছুটে যায় তার ছোট্ট কন্যা। দীর্ঘক্ষণ বেঁধে রাখায় ক্ষুধার্ত ও ক্লান্ত হয়ে পড়েন অনিক। বাবার এই দুরবস্থা দেখে সহ্য করতে পারেনি তার ছোট্ট মেয়েটি। সে নিজের জমানো টাকা দিয়ে বাজার থেকে চা ও রুটি কিনে এনে নিজ হাতে খুঁটির সঙ্গে বাঁধা বাবার মুখে তুলে দেয়। এই দৃশ্যটি উপস্থিত কেউ মোবাইল ফোনে ধারণ করলে মুহূর্তেই তা ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে এবং দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে। খোঁজ নিয়ে জানা গেছে, ওই ব্যক্তি বর্তমানে আর আটক নেই। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বামরাইল বাজারের ব্যবসায়ীরা তার পরিবারের সদস্যদের ডেকে এনে একটি মুচলেকা নেন। এরপর তাকে তার অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়। উজিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্য নিশ্চিত করে বলেন, চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটকে রাখার খবর পেয়ে পুলিশের একটি মোবাইল টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছিল। তবে পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয়রা মুচলেকা রেখে তাকে ছেড়ে দেয়। এই ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি। তবে কেউ কোনো অভিযোগ দিলে বা পেলে তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।