চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের শাহরাস্তি উপজেলায় যাত্রীবাহী বাস ও বালুবাহী হাইড্রোলিক ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলার বানিয়াচোঁ এলাকার পাটোয়ারী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটি ঢাকাগামী ‘আল-আরাফাহ পরিবহণ’-এর বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে একটি যানবাহনকে ওভারটেক করার সময় বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকটি সড়কের ওপর ছিটকে পড়ে। সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন আরও অন্তত ১৫ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নিহত ও আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।