প্রকাশ :: ... | ... | ...

চার জেলায় ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা


সংযুক্ত ছবি

টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশনের আয়োজনে নূরানী স্কলারশিপ-২০২৬ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। টাঙ্গাইল, জামালপুর, সিরাজগঞ্জ ও ময়মনসিংহ জেলার ২৫টি উপজেলায় পর্যায়ক্রমে আয়োজিত এ পরীক্ষায় এবার আট হাজারের বেশি শিক্ষার্থী অংশ নিচ্ছে। গত ১৮ নভেম্বর শুরু হওয়া এ পরীক্ষা চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত। এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৭ নভেম্বর) টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার দারুল উলুম আসাদুজ্জামান খান মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় শুরু হওয়া এ পরীক্ষায় ভূঞাপুর উপজেলার বিভিন্ন নূরানী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি কালিহাতী উপজেলার কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেয়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন ইসলামিক স্কলার মুফতি নাছির বিন আছগর তৈয়্যবী (নওগাঁ) এবং স্বপ্নপূরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি আতিকুর রহমান নোমানী। এ সময় তাঁরা পরীক্ষার সার্বিক পরিবেশ, শিক্ষার্থীদের অংশগ্রহণ ও কেন্দ্রের ব্যবস্থাপনা ঘুরে দেখেন। এ ছাড়া পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ মাওলানা মাহফুজুর রহমান, সভাপতি শেখ মাহদী হাসান শিবলী, পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি রবিউল ইসলাম এবং ভূঞাপুর উপজেলার দায়িত্বপ্রাপ্ত হাফেজ সাজ্জাদ। এ সময় ভূঞাপুর প্রেসক্লাব ও ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির সংবাদকর্মী, বিভিন্ন নূরানী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ফাউন্ডেশন সূত্রে জানা যায়, ২০১৬ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি ২০১৭ সাল থেকে নিয়মিত নূরানী স্কলারশিপ পরীক্ষা আয়োজন করে আসছে। শিশুদের মেধা বিকাশ, পড়াশোনায় আগ্রহ সৃষ্টি, প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি এবং ধর্মীয় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। ফাউন্ডেশনের সভাপতি শেখ মাহদী হাসান শিবলী বলেন, ‘শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের পাশাপাশি তাদের মধ্যে পড়াশোনার আগ্রহ, প্রতিযোগিতার মনোভাব ও আত্মবিশ্বাস গড়ে তোলাই আমাদের মূল উদ্দেশ্য। এ আয়োজন সফল করতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।’ উল্লেখ্য, ২০১৭ সাল থেকে ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল, শিক্ষা উপকরণ ও সম্মাননা ক্রেস্টসহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হচ্ছে। চলতি বছরও কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের জন্য পুরস্কার প্রদানের এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।