প্রকাশ :: ... | ... | ...

টাঙ্গাইলে ৩০০ পিস ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার


সংযুক্ত ছবি

টাঙ্গাইলের কালিহাতী থানার এলেঙ্গাতে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকার বৃষ্টি হোটেলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ও চিতুলিয়াপাড়া গ্রামের আজাহার আলীর ছেলে হাছান আলী (৩৭) এবং একই উপজেলার শালদাইর গ্রামের আব্দুল হকের ছেলে ও গোবিন্দাসী ইউনিয়ন যুবদলের সদস্য মাহমুদুল হাসান (৩৪)। পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার দুজনই ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচিত এবং তারা উপজেলা আহত জুলাই যোদ্ধা সমিতির সঙ্গে সম্পৃক্ত। তবে মাদক উদ্ধারের ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বৃষ্টি হোটেলের সামনে থেকে সন্দেহভাজন অবস্থায় হাছান আলী ও মাহমুদুল হাসানকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে। তবে গ্রেপ্তারদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাদের বা তাদের পরিবারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।