প্রকাশ :: ... | ... | ...

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৮.০৫ শতাংশ, কমেছে জিপিএ-৫


সংযুক্ত ছবি

দিনাজপুর শিক্ষা বোর্ডে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। এ বছর বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ০৫ শতাংশে। গত বছর এ হার ছিল ৬৭ দশমিক ০৩ শতাংশ। এবার দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১ লাখ ৮০ হাজার ৭৫২ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৪ হাজার ৯২৫ জন। জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৬৩৯ জন শিক্ষার্থী। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ৭ হাজার ১৫২ জন ছাত্রী এবং ৬ হাজার ৪৮৭ জন ছাত্র। ফলাফলে এবারও ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। ছাত্রীদের পাসের হার ৬৩ দশমিক ০১ শতাংশ, যেখানে ছাত্রদের পাসের হার ৫৩ দশমিক ৩৩ শতাংশ। এদিকে, এ বছর শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে। গত বছর শূন্য পাসের প্রতিষ্ঠান ছিল ১৩টি, এবার তা বেড়ে দাঁড়িয়েছে ১৮টিতে। অন্যদিকে, শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও কমেছে। এবার ২৪টি প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ২ হাজার ৮১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২৮৩টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়। ফলাফলে পাসের হার কমে যাওয়ায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শিক্ষা সংশ্লিষ্টরা ফলাফল বিশ্লেষণ করে শিক্ষার মানোন্নয়ন ও দুর্বল শিক্ষার্থীদের জন্য কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন।