জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান—আমরা সবাই বাংলাদেশি। বাংলাদেশ আমাদের সবার অস্তিত্ব, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের ভিত্তি।’ শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় নাটোর পৌরসভার ৯টি ওয়ার্ডের ৫০টি মন্দিরে ব্যক্তিগত তহবিল থেকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা অনুদান দেন তিনি। অনুষ্ঠানে হুইপ দুলু বলেন, সাম্প্রতিক সময়ে নাটোরে ৩৫টি এবং পুরো রাজশাহী বিভাগে ৩৫১টি পূজামণ্ডপ বেড়েছে। তাঁর মতে, পূজামণ্ডপের সংখ্যা বৃদ্ধি হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে নির্ভয়ে, নির্বিঘ্নে ও স্বাধীনভাবে ধর্মীয় উৎসব পালনের আগ্রহের প্রতিফলন। তিনি বলেন, ‘আপনাদের সম্প্রদায়ের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও স্বাধীনভাবে পূজা উদযাপন করতে যে আগ্রহ ও স্পৃহা দেখাচ্ছেন, তা একটি ইতিবাচক লক্ষণ। আমি মনে করি, এ জন্য আপনাদের তারেক রহমানের সরকারকে ধন্যবাদ দেওয়া উচিত।’ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বক্তব্য উল্লেখ করে হুইপ দুলু বলেন, ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও দেশের সব নাগরিকের জাতীয় পরিচয় বাংলাদেশি। প্রত্যেকেরই বাংলাদেশের প্রতি সমান অধিকার ও দায়িত্ব রয়েছে। তিনি বলেন, ‘আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান—আমরা সবাই বাংলাদেশি। আপনাদের পরিচয়ও বাংলাদেশি। কথাটি সব সময় মনে রাখবেন। বাংলাদেশ আপনাদের অস্তিত্ব, বাংলাদেশ আপনাদের সার্বভৌমত্ব, বাংলাদেশ আপনাদের গণতন্ত্র।’ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি খগেন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক প্রসাদ কুমার বাচ্চা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব এবং পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র এমদাদুল হক আল মামুনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।