প্রকাশ :: ... | ... | ...

প্রাণঘাতী হাম-ডেঙ্গুর থাবায় গেল ৫ প্রাণ


সংযুক্ত ছবি

রাজধানী ঢাকাসহ সারা দেশেই হাম ও হামের উপসর্গ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এডিস মশাবাহিত ডেঙ্গু। গত একদিনে প্রাণঘাতী হামের উপসর্গে ৩ জন ও ডেঙ্গুজ¦রে ২ জনসহ মোট প্রাণ গেছে ৫ জনের। চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৯৬৩ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়েছেন ৯৪৩ জন। এছাড়া চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘন্টায় এ রোগে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভতির্দ হয়েছেন ৯৯৬ জন। শনিবার (২৯ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম ও ডেঙ্গুবিষয়ক পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হাম ও হামের উপসর্গবিষয়ক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রাণঘাতী হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এ রোগে আক্রান্ত হয়েছেন ৯৪৩ জন। চলতি বছরের ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬৩। এর মধ্যে নিশ্চিত হামে ৯৯ জন ও হামের উপসর্গ নিয়ে ৮৬৪ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে দুজন ও খুলনা বিভাগে একজন মারা গেছে। এ সময় ৫৭ জনের দেহে হাম শনাক্ত হয়েছে। এতে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৮ হাজার ৮৫৩ জনে। একই সময়ে আরও ৮৮৬ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার ৬৭৮ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশের হাসপাতালে মোট ১ লাখ ৩৬ হাজার ২৫৭ জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৩১ হাজার ২৬৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এদিকে শনিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে বলা হয়, এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুজন মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে মোট ৯০ জনের মৃত্যু হলো। এ ছাড়া নতুন ৯৯৬ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর ফলে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ১০১ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মারা যাওয়া দুজনই পুরুষ। তাদের একজনের বয়স ৫১ থেকে ৫৫ বছরের মধ্যে এবং আরেকজনের বয়স ৬১ থেকে ৬৫ বছরের মধ্যে। মোট মৃতদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এ পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ যাওয়া ৯০ জনের মধ্যে নারী ৫১ জন বা ৫৭ দশমিক ৩ শতাংশ এবং পুরুষ ৩৮ জন বা ৪২ দশমিক ৭ শতাংশ। সেই সঙ্গে একজনের তথ্য পরে ‘ফলস’ এসেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ঢাকা বিভাগের ক্ষেত্রে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন হাসপাতালে ৩১, উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন হাসপাতালে ১১ ও সিটি করপোরেশনের বাইরে তিনজন প্রাণ হারিয়েছেন। সেই সঙ্গে খুলনায় ১৭, বরিশালে ৯ জন, ময়মনসিংহে আটজন, চট্টগ্রামে পাঁচ, রাজশাহীতে চার এবং রংপুর ও সিলেটে একজন করে মারা গেছেন। এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩৯ হাজার ৫৮৬ জন। তাদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩১ হাজার ৩৯৫ জন।