নওগাঁর বদলগাছীতে প্রকাশ্য বাজার থেকে তুলে নিয়ে এক ব্যক্তিকে দফায় দফায় মারধরের পর হত্যার ঘটনায় ১০ দিন পেরিয়ে গেলেও জড়িতদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এমনকি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে দৃশ্যমান অগ্রগতি না থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে। এদিকে নিহতের পরিবারের দাবি, ঘটনার গুরুত্বপূর্ণ সূত্র ও সন্দেহভাজন ব্যক্তির পরিচয় পুলিশকে জানানো হলেও তদন্তে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। গত ৩১ অক্টোবর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের পাহাড়পুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত হায়দার আলী জয়পুরহাট সদর উপজেলার দেওনাহার গ্রামের মৃত কহির মণ্ডলের ছেলে। এ ঘটনায় নিহতের বড় ভাই তোতা মিয়া বাদী হয়ে ২ নভেম্বর বদলগাছী থানায় হত্যা মামলা করেন। মামলার নম্বর ০৬। মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে পাহাড়পুর বাজারের তিন রাস্তার মোড় থেকে দুর্বৃত্তরা হায়দার আলীকে জোরপূর্বক একটি মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। পরে তাঁকে বিভিন্ন স্থানে নিয়ে দফায় দফায় মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পার্শ্ববর্তী জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১ নভেম্বর সকালে তাঁর মৃত্যু হয়। তবে ঘটনার বিবরণে আরও গুরুতর তথ্য উঠে এসেছে। স্থানীয় সূত্রের দাবি, পাহাড়পুর বাজার থেকে তুলে নেওয়ার পর হায়দার আলীকে মথুরাপুর ইউনিয়নের রামপুর স্কুল এলাকায় নিয়ে মারধর করা হয়। এরপর তাঁকে বদলগাছী সদর ও থানা সংলগ্ন এলাকায় নিয়ে আবারও নির্যাতন করা হয়। একপর্যায়ে অসুস্থ অবস্থায় তাঁকে থানায় নেওয়া হলে গুরুতর অসুস্থতার কথা বিবেচনায় হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয় বলে জানা গেছে। পরে হাসপাতালে নেওয়ার ধারাবাহিকতায় আক্কেলপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এদিকে হত্যাকাণ্ডের তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন নিহতের স্বজনরা। তাঁদের দাবি, হায়দার আলীকে হাসপাতালে নেওয়ার সময় ভ্যানচালক হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী থানার বালুভরা ইউনিয়নের বারাতৈল গ্রামের মৃত সাইদালীর ছেলে মো. সামসুদ্দীন ও তার ছেলে সৌমিক বাবু। তাঁদের ভূমিকা ও ঘটনার বিষয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে বলে মনে করছেন তাঁরা। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতির তথ্য পাওয়া যায়নি। নিহতের স্বজনদের অভিযোগ, ঘটনার পরপরই তাঁরা পুলিশকে বিভিন্ন তথ্য ও সম্ভাব্য সূত্র দিয়েছেন। এরপরও ১০ দিনেও জড়িতদের গ্রেপ্তার না হওয়ায় তাঁরা হতাশ। তাঁদের প্রশ্ন, জনসমাগমপূর্ণ বাজার থেকে একজন মানুষকে তুলে নিয়ে একাধিক স্থানে মারধর করে হত্যার ঘটনায় জড়িতদের শনাক্ত করতে এত সময় লাগছে কেন? স্থানীয় সচেতন মহলের মতে, প্রকাশ্য বিালোকে সংঘটিত এমন একটি হত্যাকাণ্ডের তদন্তে দ্রুত অগ্রগতি নিশ্চিত করা জরুরি। বিশেষ করে ঘটনাস্থল, সম্ভাব্য যাতায়াতপথ, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য এবং হাসপাতালের চিকিৎসা সংক্রান্ত তথ্য যাচাই করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা প্রয়োজন। অন্যথায় অপরাধীদের ধরাছোঁয়ার বাইরে থাকার সুযোগ তৈরি হতে পারে। এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। খুব দ্রুত সময়ের মধ্যে ভালো খবর দেওয়া সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। তবে পুলিশের এ আশ্বাসে আশ্বস্ত হতে পারছেন না নিহতের স্বজনরা। তাঁদের দাবি, আশ্বাস নয়, হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেককে দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ঘটনার প্রতিটি পর্যায় নিরপেক্ষভাবে তদন্ত করে হায়দার আলীকে কারা, কোথায় এবং কী উদ্দেশ্যে মারধর করেছে, তা জনসমক্ষে পরিষ্কার করার দাবি জানিয়েছেন তাঁরা।