সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আনসার সদস্যের ছোড়া গুলিতে রুবেল আহমদ নামে এক পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিমানবন্দরের রানওয়েতে এ ঘটনা ঘটে। আহত রুবেলকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, সকালে গাড়ি নিয়ে রানওয়েতে টহল দিচ্ছিলেন আনসার সদস্য মোজাম্মেল। এ সময় রানওয়েতে থাকা পাখি তাড়াতে তিনি নিজের কাছে থাকা শর্টগান থেকে গুলি ছোড়েন। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে থাকা পরিচ্ছন্নতাকর্মী রুবেল আহমদের কোমরে লাগে। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার চিকিৎসা চলছে। এ বিষয়ে জানতে চাইলে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, পরিচ্ছন্নতাকর্মীর গায়ে গুলি লাগার ঘটনাটি অনিচ্ছাকৃত। পাখি তাড়ানোর সময় দুর্ঘটনাবশত এ ঘটনা ঘটেছে। আহত পরিচ্ছন্নতাকর্মীকে দ্রুত হাসপাতালে নেয়া হয়েছে। তিনি বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।