কেন্দ্রীয় যুবলীগ ঘোষিত ২০ সেপ্টেম্বর ঢাকা লকডাউন কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ভালুকায় সড়কে টায়ারে জ্বালিয়ে যুবলীগের প্রতিবাদ ও লকডাউন কর্মসূচি পালনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল সরকার, ছাত্রলীগের সাবেক সভাপতি, যুবলীগ নেতা মনিরুজ্জামান মামুনের ফেসবুকসহ যুবলীগ নেতাকর্মী অনেকের ব্যক্তিগত ফেসবুকে ১৯ সেপ্টেম্বর দিবাগত রাতে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ মিছিলের ভিডিও দেখা গেছে। ভিডিওতে মাস্ক পরিহিত কয়েকজন যুবককে দেখা যায় লকডাউন কর্মসূচি সফল করতে সড়কে টায়ার জ্বালিয়ে জয় বাংলা শ্লোগান দিয়ে প্রতিবাদ করছেন। ফেসবুকে পোষ্টের বরাত দিয়ে জানা যায়, উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান খান রিপন ও সাধারণ সম্পাদক এজাদুল হক পারুলের নেতৃত্বে শনিবার দিবাগত রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার ভরাডোবা সীমান্তে এবং ছাত্রলীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান মামুনের নেতৃত্বে মহাসড়কে প্রতিবাদ মিছিল করা হয়। পৌর ছাত্রদলের সদস্য সচিব ইকরামুল হক কায়েস জানান, ফেসবুকে ওই ভিডিও আমিও দেখেছি। তবে কখন কোথায় গুপ্ত সংগঠনের লোকজন এসব করছে সেটি জানা নেই। তবে আমাদের পৌর ছাত্রদল সকল প্রকার নাশকতার বিরুদ্ধে মাঠে সোচ্চার রয়েছে। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ জানান, কোথায় কিভাবে তারা এসব করছে সেটাই জানিনা। গুপ্ত সংগঠনের তৎপরতা এবং অবস্থান পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে। যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে উপজেলা বিএনপির নেতাকর্মীরাও সজাগ দৃষ্টি রাখছেন। ভরাডোবা হাইওয়ে থানার ওসি খোরশেদ আলম বলেন, ঢাকা লকডাউনের কথা শুনেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আমরা সতর্ক অবস্থানে ছিলাম। আমাদের হাইওয়ে পুলিশ সারারাত টহলে ছিল। তবে মহাসড়কের কোথাও জ্বালাও পোড়াও কিংবা কোনো জমায়েত দেখতে পাননি তারা।